ভাত-তরকারির সঙ্গে রেফ্রিজারেটরে রক্তের ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিনিকটিতে রোগী আছেন ১০ জন। তবে চিকিৎসক ও সেবিকা (নার্স) কারও দেখা নেই। ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষে থাকা রেফ্রিজারেটরে রাখা হচ্ছে ভাত-তরকারি। আর তাতে রোগীদের জন্য রক্তের ব্যাগ তো রয়েছেই।
গতকাল সোমবার রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অনুমোদনহীন ও অপরিচ্ছন্ন এমন একটি ক্লিনিককে জরিমানা ও অপরটিকে জরিমানাসহ সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। এ সময় রাজশাহী সিভিল সার্জনের প্রতিনিধি শাহীনুজ্জামান এবং আনসার বাহিনীর সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকার সৌদিয়া হাসপাতালের ১০ শয্যার অনুমোদন রয়েছে। সব শয্যায় রোগীও রয়েছে। নিয়ম অনুযায়ী এই হাসপাতালে সার্বক্ষণিক একজন চিকিৎসক ও একজন সেবিকা থাকার কথা। কিন্তু অভিযানের সময় তাঁদের কাউকেই পাওয়া যায়নি। এ সময় অস্ত্রোপচার কক্ষে রাখা ফ্রিজে রক্তের ব্যাগ, ভাত-তরকারি সব একসঙ্গে পাওয়া যায়। রক্তের প্যাকেটে ‘ও’ পজিটিভ লেখা ছিল। সেটা কাটাকাটি করে ‘এ’ পজিটিভ বানানো হয়েছে। এ সময় হাসপাতালের সব স্থানেই অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা পান ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এর লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গেছে। এই অভিযোগে ভোক্তা অধিকার আইনে কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা এবং মেডিকেল প্র্যাকটিশনারি আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালের মালিক আসাদুল ইসলাম তাৎক্ষণিকভাবে এই জরিমানা পরিশোধ করেছেন।
চিকিৎসক না থাকার বিষয়ে আসাদুল বলেন, ‘অন কলে’ সরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের ক্লিনিকে এসে ‘রাউন্ড’ দিয়ে যান।
একই এলাকায় অনুমোদনহীন নিউ ইবনে সিনা হাসপাতালে এবং চিকিৎসক, সেবিকা না থাকায় সেটি সিলগালা করে ভোক্তা অধিকার আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালটির মালিক মাজদার হোসেনকে এ সময় পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে সুমন আলী জরিমানা পরিশোধ করেন।
ম্যাজিস্ট্রেট আশরাফ আহাম্মেদ বলেন, দুটির কোনোটিতেই চিকিৎসক ছিলেন না।