ভাতনির্ভরতা দেশে অপুষ্টির বড় কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞরা বলছেন, দেশে দারিদ্র্য কমলেও অপুষ্টির সমস্যা এখনো আশঙ্কাজনকই রয়ে গেছে। খাদ্য হিসেবে ভাতের ওপর অতি নির্ভরতা এই অপুষ্টির অন্যতম কারণ।
গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেলে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) বৈশ্বিক পুষ্টি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। তাঁরা জানান, সবজি, ফল ও অন্যান্য আমিষ জাতীয় খাদ্যের পরিমাণ বাড়ালে পুষ্টি পরিস্থিতির উন্নতি হবে।
প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে পাঁচ বছরের কমবয়সী শিশুদের ৩৬ শতাংশ খর্বকায়, প্রজননক্ষম ৪৪ শতাংশ নারী রক্তস্বল্পতায় ভুগছেন এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ২৬ শতাংশ স্থূল বা তাঁদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি।
সংবাদ সম্মেলনে ইফপ্রির দারিদ্র্য, খাদ্য ও পুষ্টি বিভাগের জ্যেষ্ঠ গবেষণা ফেলো লরেন্স হাডেড বলেন, ‘প্রতি তিনজনের একজন যদি পিছিয়ে থাকে তাহলে আমাদের সমাজ, জনগোষ্ঠী ও রাষ্ট্র এগোবে না। অপুষ্টি সমস্যার সমাধান না করে টেকসই উন্নয়ন ও উন্নয়নের পথে এগোনো যায় না।’
সংবাদ সম্মেলনে ইফপ্রির বাংলাদেশের প্রধান আখতার আহমেদ বলেন, গত দুই বছরে বাংলাদেশে খর্বকায় শিশুর সংখ্যা ৭ শতাংশ কমেছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে সব সয়াবিন তেলে ভিটামিন ‘এ’ যুক্ত করেছে। এ ছাড়া তিনটি জিঙ্কসমৃদ্ধ চালের জাত উদ্ভাবন করেছে।
ইফপ্রির গণমাধ্যম প্রধান শফিকুল করিম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।