ভাতা পাচ্ছেন না শহীদ মুক্তিযোদ্ধার মা
ঝালকাঠিতে স্মৃতিফলকের তালিকায় একজন শহীদ মুক্তিযোদ্ধার নাম থাকা সত্ত্বেও তার পরিবার আজ পর্যন্ত ভাতা পাচ্ছে না। শহীদ মাতার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ও বয়স ভুল থাকায় এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ঝালকাঠি গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে জেলা জজ আদালতসংলগ্ন গণপূর্ত বিভাগ শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা-সংবলিত একটি স্মৃতিফলক নির্মাণ করে। ওই তালিকার ১৪৩৯ নম্বরে সিপাহি মমিনুল হক, বাবা নূর মোহাম্মদের নাম রয়েছে। তিনি যুদ্ধের সময় ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তাঁর সেনা পরিচয়পত্র নম্বর ৩৯৪০২২৩। গণপূর্ত বিভাগ ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেট থেকে এই তালিকা সংগ্রহ করে স্মৃতিফলকটি তৈরি করে।
সদর উপজেলার সারেংগল গ্রামে বাড়িতে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজ নিয়ে জানা যায়, মমিনুল হক মুক্তিযুদ্ধ চলাকালে অবিবাহিত অবস্থায় যুদ্ধে শহীদ হন। বাড়িতে তাঁর ৮০ বছর বয়সের মা আম্বিয়া খাতুন ছোট ছেলে কৃষক এনায়েত হোসেনের সঙ্গে থাকেন। বয়সের ভারে বৃদ্ধ ঠিকমতো কথা বলতেও পারেন না। তার খোঁজ নিতে আসার খবর শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
কেন ভাতা পাচ্ছেন না জানতে চাইলে আম্বিয়া খাতুন বলেন, ‘আমার পোলা মমিনুল হক ’৭১ সালে সেনাবাহিনীতে চাকরি করত। যশোর ক্যান্টনমেন্টে চাকরি করা অবস্থায় ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করে আমার পোলা শহীদ হয়। তার লাশটিও আমি দেখতে পারি নাই। বর্তমানে আমরা কোনো ভাতা পাই না। আজ পর্যন্ত শহীদ পরিবার হিসেবে সরকার থেকে কোনো সাহায্য পাইনি।’
এ বিষয়ে শহীদ মমিনুল হকের বড় ভাই শেখ মজিবর বলেন, ‘আমরা এই ভাতার জন্য বিভিন্ন দ্বারে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। সেনাবাহিনীর নিয়মানুযায়ী আমার শহীদ ভাই অবিবাহিত থাকায় মা ভাতা পাবেন। কিন্তু মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের সময় ভুল তথ্য ছাপা হওয়ায় এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সেখানে আমার মায়ের বয়স ও ঠিকানা ভুল লেখা থাকায় সেনা কর্তৃপক্ষ সংশোধন করে নিয়ে যেতে বলেছে। আমার শহীদ ভাইয়ের সেনাবাহিনীর রক্ষিত নথিপত্রে মায়ের গ্রামের ঠিকানা সারেংগল, জন্মতারিখ ১ জুলাই ১৯৩৩ লেখা আছে। কিন্তু মায়ের জাতীয় পরিচয়পত্রে গ্রাম বামনীকাঠী ও বয়স ৫ ডিসেম্বর ১৯৩৭ লেখা হয়। নির্বাচন অফিসের সংশোধনের দীর্ঘসূত্রতার কারণে আমার মা এ ভাতা পাচ্ছেন না। বর্তমান সরকার ভাতা ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় বর্ধিত করলেও এর সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।’
এ ব্যাপারে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ বলেন, ‘শহীদ মাতা আম্বিয়া খাতুনের গ্রামের ঠিকানা বামনীকাঠী থেকে ইতিমধ্যেই সারেংগলের ঠিকানায় সংশোধন হয়েছে। তাঁর জন্মতারিখের বিষয়টি উপযুক্ত কাগজপত্র দাখিল সাপেক্ষে আবার আবেদন করতে হবে। ঠিকানা ও জন্মতারিখ সংশোধনের দুটি ভিন্ন বিষয় হওয়ায় এর প্রক্রিয়াও ভিন্ন। একই সঙ্গে আবেদন করে এর ফলাফল পাওয়া যায় না। তাই এত বিলম্ব হচ্ছে। আমরা আবারও আবেদন পেলে দ্রুত সংশোধনের ব্যবস্থা করব।’
জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম আলাউদ্দিন বলেন, ‘শহীদ মাতার ভাতা না পাওয়ার বিষয়টি সেনা কর্তৃপক্ষ ও জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের মধ্যে ঝুলে আছে। তবে আমাদের সহযোগিতা চাইলে আমরা এগিয়ে আসব।’