ভাতা পাচ্ছেন ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা কোটায় দুই সন্তানের চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের বেশি সময় ধরে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে মাসিক ভাতা নিয়েছেন তিনি। দুই সন্তানকে ‘মুক্তিযোদ্ধার সন্তান’ কোটায় চাকরি পাইয়েও দিয়েছেন। কিন্তু জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মতে তিনি মুক্তিযোদ্ধাই নন। স্থানীয় পর্যায়ের তদন্তে বিষয়টি প্রমাণিত হয়েছে।‘ভুয়া’ এই মুক্তিযোদ্ধার নাম রফিকুল ইসলাম মজুমদার। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করণী গ্রামের বাসিন্দা।গত বছরের ১৮ ডিসেম্বর আমজাদহাট এলাকার তারাকুচা গ্রামের বাসিন্দা মো. সাদেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এ বিষয়ে অভিযোগ পাঠান। মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ড তদন্ত করে ৭ মে প্রতিবেদন পাঠিয়েছে।মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) বরাবর পাঠানো প্রতিবেদনে বলা হয়, ‘তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য। রফিকুল ইসলাম মজুমদার মুক্তিযোদ্ধা নহে। মুক্তি বার্তা (লাল বই), গেজেট, কল্যাণ ট্রাস্ট ও বিশেষ গেজেটসহ কোন তালিকায় তাহার নাম নাই।’ প্রতিবেদনে রফিকুল ইসলামের ভাতা বন্ধ ও জালিয়াতির জন্য আইনগত ব্যবস্থা গ্রহণসহ চারটি সুপারিশ করা হয়। অন্য সুপারিশগুলো হচ্ছে: তাঁর সনদ পাওয়া ও সন্তানদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়ার উপায় জরুরিভাবে খতিয়ে দেখা। জানতে চাইলে ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘শুধু ভুয়া মুক্তিযোদ্ধা নন, রফিকুল ইসলাম মজুমদার জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলেও শুনেছি।’স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় তাঁর মেয়ে আজমিরী বেগমকে ফুলগাজী থানার উত্তর তারাকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ছেলে কফিল উদ্দিন মাহমুদকে ঢাকায় একটি সরকারি সংস্থায় চাকরি দিয়েছেন।অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে রফিকুল ইসলাম মজুমদার কিছুদিন আগে প্রথম আলোর কাছে দাবি করেন, জোট সরকারের আমলে যে গেজেট হয়েছে তাতে তাঁর নাম আছে। এ ছাড়া ২০০৬ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাঁকে সনদ দিয়েছে। তিনি জামায়াতের লোকও নন, ষড়যন্ত্র করে এগুলো বলা হচ্ছে। রফিকুল দাবি করেন, ’৭১-এ ত্রিপুরার হরিণার চোত্তাখোলায় প্রশিক্ষণ নিয়ে তিনি মহুরী ক্যাম্প এলাকায় যুদ্ধ করেন। ফেনী জেলা কমান্ডার এ বিষয়ে বলেন, জোট সরকারের আমলে ফুলগাজী থেকে রফিকুল ইসলাম মজুমদার দেনদরবার করে একটি সাময়িক সনদ সংগ্রহ করেন। ওই সময়ে জোট সরকার একটি মুক্তিযোদ্ধা তালিকা করলেও তার গেজেট হয়নি। স্বাধীনতার পর আমজাদহাট ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন দেলোয়ার হোসেন দুলাল। তিনি বলেন, ‘রফিকুল মুক্তিযোদ্ধা ছিলেন না।’মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী প্রথম আলোকে বলেন, ‘ভুল লোক এই ভাতা যাতে না পায়, সে বিষয়ে আমরা সতর্ক থাকলেও এখানে ভুল হয়ে গেছে।’মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের ভুয়া মুক্তিযোদ্ধা সেজে অনেকেই বাড়তি সুবিধা আদায় করছে। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি।’