ভাতা পান না তিন ভাইবোনের কেউই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধী তিন সহোদর জুলেখা, আকুল মিয়া ও শফিকুল ইসলামের এই ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
দৃষ্টিপ্রতিবন্ধী তিন সহোদর জুলেখা, আকুল মিয়া ও শফিকুল ইসলামের এই ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ীতে একই পরিবারের তিনজন জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। কিন্তু তাঁদের মধে৵ একজনও প্রতিবন্ধী ভাতা পান না। বৃদ্ধ বাবা আর দুই ভাইয়ের রোজগারে কায়ক্লেশে চলে তাঁদের জীবন।

পরিবারটির সঙ্গে কথা বলে জানা যায়, পৌর শহরের শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন (৬০)। তাঁর স্ত্রী জরিনা বেগম ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী। এই দম্পতির ঘরে জন্ম নেওয়া প্রথম তিন সন্তানই দৃষ্টিপ্রতিবন্ধী। পরে আরও দুই সন্তান হয় তাঁদের। তবে এই দুজন সুস্থ-স্বাভাবিক। মোয়াজ্জেম-জরিনার প্রথম তিন সন্তান হলেন দৃষ্টিপ্রতিবন্ধী আকুল মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৩০) ও জুলেখা বেগম (২৫)। পরে জন্ম নেন জুলহাস উদ্দিন (২২) ও আবদুল খালেক (২০)। পরিবারটির চার দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের মধ্যে মা জরিনা বেগম বিনা চিকিৎসায় ২০১৬ সালে মারা যান।

বর্তমানে পরিবারটির সদস্যসংখ্যা ছয়। পাঁচ ভাইবোনের মধ্যে বড় দুই ভাই ও এক বোন দৃষ্টিপ্রতিবন্ধী। চোখে না দেখায় তাঁরা রোজগারও করতে পারেন না। ছোট দুই ভাইয়ের মধে৵ একজন ভ্যান চালান। অপরজন একটি ক্লিনিকে কাজ করেন। পরিবারটির সহায়-সম্বল বলতে ভিটেটুকুই। সেই জমিতে একটি দোচালা জরাজীর্ণ টিনের ঘর রয়েছে তাঁদের।

বাবা মোয়াজ্জেম হোসেন (৬০) বলেন, ‘আমার এহন বয়স হয়েছে। কাজ করতে পারি না। অন্যের কাছে চাইয়া যেদিন টেহা পাই, সেদিন খাওন যায়। টেহা না পাইলে উপোস থাকতে হয়।’ তিনি আরও বলেন, ‘মাইনসের বাড়িত কাম কইরা পুলা-মেয়েদের বড় করছি। হুনছি সরকার থাইক্যা প্রতিবন্ধীদের ভাতা দেয়। ভাতা পাইবার লাইগ্যা কাইন্সিলরদের (কাউন্সিলরদের) কাছে কতবার যে গেছি, তা বইলা শেষ করণ যাইব না। কোনো কাম হয় নাই।’

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস ছাত্তার বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী তিন ভাইবোনই ভাতা পাওয়ার যোগ্য। আমি এ নিয়ে পৌর মেয়রের সঙ্গে কথা বলব।’

ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, তিন দৃষ্টিপ্রতিবন্ধী সহোদর যাতে প্রতিবন্ধী ভাতা পান, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।