ভাতা পেতে ঘুষ দিতে হলো দুস্থ মায়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় স্তন্যদানকারী দুস্থ মায়েদের সহায়তা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তালিকা তৈরির দায়িত্ব পাওয়া একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা ও কর্মীরা ১২০০-২০০০ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। এ ছাড়া অনেকে ঘুষ দিয়েও তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি বলে অভিযোগ করেছেন।জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ২০১২ সালের জুলাই থেকে দুই বছরের জন্য সারা দেশের জেলা সদরের পৌর এলাকায় স্তন্যদানকারী দুস্থ মায়েদের সহায়তা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আওতায় প্রতি ছয় মাস পর সুবিধাভোগী নারীরা প্রত্যেকে এককালীন দুই হাজার ১০০ টাকা করে ভাতা পাবেন। এভাবে প্রত্যেকে দুই বছরে চার কিস্তিতে আট হাজার ৪০০ টাকা ভাতা পাবেন। বরগুনা পৌরসভার নয়টি ওয়ার্ডে এক হাজার ৫০ জন নারী এই ভাতার সুবিধা পাচ্ছেন। গত রোববার ছয় মাসের ভাতার প্রথম কিস্তির টাকা বিতরণ করা হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, মাঠপর্যায়ে সুবিধাভোগীদের বাছাই ও তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘বাংলাদেশ অসহায় মহিলা উন্নয়ন সংস্থা নামে’ স্থানীয় একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সংস্থার কর্মকর্তা ও তাঁদের নিযুক্ত কর্মীরা ঘুষের টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অগ্রণী ব্যাংক বরগুনা শহর শাখায় গত রোববার ছয় মাসের ভাতার টাকা বিতরণ করা হয়। এখানে ভাতা নিতে আসা শহরের দক্ষিণ বরগুনা এলাকার গৃহবধূ খাদিজা বেগম জানান, তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ অসহায় মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মাহবুবুর রহমানকে তিনি এক হাজার ২০০ টাকা দিয়েছেন। মাহবুবুর রহমান অবশ্য ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।ডিকেপি সড়কের সুবিধাভোগী নারী পারভীন বেগম ও চিরকলোনি এলাকার মুন্নি বেগম অভিযোগ করেন, তালিকাভুক্তির জন্য তাঁরা প্রত্যেকে দুই হাজার টাকা করে দিয়েছেন। তালিকা প্রণয়নের দায়িত্ব পাওয়া ওই এনজিওর কর্মী নাসিমা বেগম তাঁদের কাছ থেকে টাকা নেন। নাসিমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।রোববার দুপুরে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অসংখ্য নারীকে ভাতার কার্ড নেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। সেখানে উপস্থিত আকলিমা বেগম নামে এক নারী অভিযোগ করেন, ‘ফরম পূরণের সময় তালিকা তৈরির দায়িত্ব পাওয়া এনজিওর কর্মী আমার কাছ থেকে এক হাজার টাকা নেন। কিন্তু আজ এখানে এসে দেখি, আমার নাম তালিকায় নেই। আমি রোজিনাকে জিজ্ঞেস করলে সে (রোজিনা) এবং তার মা আমাকে মারধর করে।’ একই অভিযোগ করেন সেখানে উপস্থিত আরও বেশ কয়েকজন নারী। রোজিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।একইভাবে সোনাখালী এলাকার তাসলিমা বেগম, নাজমা বেগম, সুরমা আক্তার, রহিমা বেগমসহ আরও বেশ কয়েকজন অভিযোগ করেন, তাঁদের প্রত্যেককে তালিকাভুক্তির জন্য এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। স্থানীয় নারী কাউন্সিলর মমতাজ বেগম এই অর্থ নেন বলে তাঁরা অভিযোগ করেন। মমতাজ বেগম ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি কোনো টাকা নেইনি। এসব অভিযোগ যারা করেছে, তারা মিথ্যা কথা বলেছে।’বাছাই কমিটির সদস্য জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা বলেন, ‘বাইরের কিছু লোক ও এক নারী পৌর কাউন্সিলর টাকা নিয়ে কার্ড বিতরণ করেছেন বলে শুনেছি।’বাংলাদেশ অসহায় মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ফোরকান মিয়া জানান, এক হাজার ৫০ জন নারী ভাতা পাচ্ছেন। কিন্তু আবেদন করেছেন কমপক্ষে সাড়ে তিন হাজার নারী। এখন যাঁরা তালিকাভুক্ত হতে পারেননি, তাঁরা নানা অভিযোগ তুলছেন। কিন্তু যাঁরা তালিকাভুক্ত হয়েছেন, তাঁরা কেন অভিযোগ করছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত কথা বলব।’জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার বলেন, ‘গত বছরের জুলাই থেকে বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাই কমিটিতে গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। সেখানে কীভাবে অর্থ আদায় করা হলো, তা আমার বোধগম্য নয়। এখনো এ ধরনের কোনো অভিযোগ আমাকে কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’