ভাতা পেলেন ছয় মুক্তিযোদ্ধা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আবেদন করা ১০ মুক্তিযোদ্ধার মধ্যে ছয়জনকে ভাতা দেওয়ার জন্য তালিকাভুক্ত করেছে সরকার। আবেদনের দুই বছর পর তাঁদের ভাতা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব বলেন, ভূরুঙ্গামারীতে দীর্ঘদিন ধরে নতুন করে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বরাদ্দ ছিল না। এ জন্য নতুন আবেদনকারী মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছিলেন না। অবশেষে মন্ত্রণালয়ের চূড়ান্ত বাছাইয়ের পর ছয়জনকে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের বকেয়াসহ বরাদ্দ কার্যকর করা হয়েছে। জুন থেকে পরবর্তী মাসের ভাতা, বোনাসসহ আসন্ন কোরবানির ঈদের আগে পরিশোধ করা হবে। কাগজপত্রে ত্রুটি থাকায় বাকি চারজনকে ভাতা দেওয়া হচ্ছে না।
নতুন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের ছেলে রাসেল মিয়া বলেন, তিন মাসের বকেয়াসহ বরাদ্দ পাওয়ায় তাঁরা খুশি।
ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ জানান, বিভিন্ন সময়ে সরকার প্রণীত চারটি তালিকার একাধিক তালিকায় কোনো মুক্তিযোদ্ধার নাম থাকলে বিধি মোতাবেক তিনি ভাতা পাওয়ার যোগ্য। নতুন বরাদ্দ না থাকায় এত দিন তারা ভাতা থেকে বঞ্চিত ছিলেন।