সোনালী ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের কারণে এবার মুক্তিযোদ্ধা ভাতা পেলেন না ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৮৭ জন মুক্তিযোদ্ধা।মুক্তিযোদ্ধা সংসদের কোটচাঁদপুর কমান্ডার তাজুল ইসলাম বলেন, উপজেলায় ১২৯ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। তাঁদের বেশির ভাগই দরিদ্র। মাসে দুই হাজার টাকা ভাতা দিয়ে তাঁদের সংসার চলে। তাজুল ইসলাম বলেন, ‘ঈদ সামনে রেখে সরকার সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম ভাতা দিয়েছে। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত সোনালী ব্যাংক কোট চাঁদপুর শাখার ব্যবস্থাপক সাইফুজ্জামান মুক্তিযোদ্ধাদের বলে আসছিলেন, এবার টাকা আসেনি। বেলা দুইটার দিকে হঠাৎ করে জানান, টাকা এসেছে। যাঁরা নিতে ইচ্ছুক, তাঁরা আসতে পারেন।’ ব্যাংক ব্যবস্থাপকের এই কথায় মুক্তিযোদ্ধারা ব্যাংকে যেতে শুরু করেন। এভাবে বেলা তিনটা পর্যন্ত ৪২ জন ব্যাংকে হাজির হন। তিনটার পরে যাঁরা ব্যাংকে গেছেন, তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এ ব্যাপারে ব্যবস্থাপক সাইদুজ্জামানকে অনেক মুক্তিযোদ্ধা অনুরোধ করলেও তিনি শোনেননি। তাঁর কারণে এবার ৮৭ জন মুক্তিযোদ্ধা ভাতার টাকা পেলেন না।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জেন্স দিপক বৈদ্য ভাতা না পাওয়া ৮৭ জন মুক্তিযোদ্ধাকে বিশেষ ব্যবস্থায় ভাতা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান দাবি করেন, তাঁরা বিকেল পাঁচটা পর্যন্ত টাকা দিয়েছেন। যাঁরা এখন অভিযোগ করছেন, তাঁরা (মুক্তিযোদ্ধা) এর পরে এসেছেন। সাইফুজ্জামান মুক্তিযোদ্ধাদের ধার করে ঈদ করার পরামর্শ দিয়ে বলেন, ঈদের পর ব্যাংক খুললে টাকা দিয়ে দেবেন।