ভাতাই যখন বয়স্কদের ভোগান্তির কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টংকাবতি থেকে ভোরে এসে ব্যাংকের সামনে বসে আছি। সারা দিন খাওয়া-দাওয়া করতে পারিনি। কখন টাকা পাব, রাত হলে কীভাবে বাড়ি ফিরব জানি না।’ বান্দরবান সোনালী ব্যাংকের সামনে গত বুধবার কথাগুলো বলছিলেন ভাতা নিতে আসা ৬০ বছরের মাবিয়া খাতুন। তখন বিকেল সাড়ে পাঁচটা। মাবিয়া খাতুনের মতো দূরদূরান্ত থেকে আসা শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা বয়স্কভাতার আশায় তখনো বসে ছিলেন।খোঁজ নিয়ে জানা যায়, সমাজসেবা ও সোনালী ব্যাংকের কর্মকর্তাদের কাজের সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে বান্দরবানে বয়স্কভাতা বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে বিড়ম্বনার কারণে পরিণত হয়েছে। মাসের শেষে অথবা মাসের প্রথম দিকে সপ্তাহে মাত্র দুই দিন একসঙ্গে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা ব্যাংক থেকে দেওয়া হয়। এ জন্য একসঙ্গে কয়েক হাজার মানুষ ভাতা নিতে এসে চরম হয়রানির শিকার হচ্ছে। সুয়ালক ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াংপ্রু মারমা ও সদস্য বাধি তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইলের অব্যবস্থাপনার কারণে বয়স্করা ভাতা পেতে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। সমাজসেবা কর্মকর্তা মাসের বেশির ভাগ সময় কর্মস্থলে থাকেন না বলে অভিযোগ রয়েছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাশেদ সিদ্দিক ও বান্দরবান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল ভাতাগ্রহীতাদের ভোগান্তির কথা স্বীকার করলেও এ জন্য তাঁরা একে অপরকে দোষারোপ করেন। মো. ইসমাইল কর্মস্থলে না থাকার কথা অস্বীকার করে বলেন, ব্যাংক কর্তৃপক্ষের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় কিছু ভোগান্তি হচ্ছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাশেদ সিদ্দিক বলেন, সমাজসেবা কর্মকর্তা একসঙ্গে সব ভাতাগ্রহীতাকে নিয়ে আসায় বয়স্কদের পাশাপাশি তাঁরাও বিড়ম্বনায় পড়েন।