ভাতার কার্ড ৮৯টি, দাবিদার ২০০০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার জন্য কার্ড বরাদ্দ ছিল ৮৯টি। কিন্তু দাবিদারের সংখ্যা প্রায় দুই হাজার। তাই মাইকযোগে কার্ড পেতে আগ্রহীদের ডেকে বাছাই করা হয়।
গতকাল শনিবার উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাছাই কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘুড়কা ইউপি কার্যালয় সূত্র জানায়, গত মে মাসে এই ইউনিয়নে ৫৯টি বয়স্ক, ২২টি বিধবা ও আটটি প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণের জন্য তালিকা তৈরি করতে বলা হয়। ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ তাঁর পছন্দের লোকজনের নাম তালিকা করে উপজেলা সমাজসেবা কর্মকর্তার দপ্তরে জমা দেন। পরে তালিকাভুক্ত হওয়া ব্যক্তিদের তথ্য জানতে ঘুড়কা আঞ্চলিক ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক তথ্য অধিকার আইনে আবেদন করেন। তালিকায় নানা অনিয়ম থাকার অভিযোগ করে তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিমের দপ্তরে আবেদন করেন। অভিযোগের সত্যতা পেয়ে রবিউল করিম আবার তালিকা তৈরির উদ্যোগ নেন।
হারুনার রশিদ জানান, ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে এ উদ্যোগ। তিন ধরনের ৮৯টি কার্ড পেতে প্রায় দুই হাজার মানুষ এসেছিলেন।
ইউএনও ফিরোজ শাহ্ জানান, কোনো রকম সন্দেহ যেন না থাকে এর জন্য আগ্রহী সবাইকে ডেকে তালিকা তৈরি করা হয়েছে।