ভাতার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ অগ্রণী ব্যাংকের সামনের অপরিসর বারান্দার মাটিতে গাদাগাদি করে বসে আছেন বেশ কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধা। একজন বৃদ্ধা মাটিতে শুয়ে আছেন। তাঁর পাশে বসে থাকা বৃদ্ধ রমেশ চন্দ্র জানালেন, বৃদ্ধার নাম শিশিলা বেওয়া (৯০)। বসভাঙ্গা বসন্তপুর গ্রাম থেকে এসেছেন সকাল নয়টার দিকে। কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর ১১টার দিকে অসুস্থ হয়ে মাটিতেই শুয়ে পড়েছেন তিনি।গত সোমবার দুপুর ১২টার দিকে পীরগঞ্জ অগ্রণী ব্যাংকে গিয়ে এ চিত্র দেখা গেছে। অগ্রণী ব্যাংকের প্রবেশপথে মানুষ, সাইকেল ও মোটরসাইকেলের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। এ অবস্থায় কেউ রাস্তার নর্দমার ঢাকনার ওপর, কেউ দোতলায় ব্যাংকে ওঠার সিঁড়িতে, সিঁড়ির পাশের মেঝেতে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন—ব্যাংক থেকে কখন ডাক পড়বে। এদের অনেকে চোখে কম দেখেন, হাঁটতে পারেন না। আবার কেউ কেউ খুব অসুস্থ। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সাতসকালে বাড়ি থেকে বের হয়ে ব্যাংকে আসেন বৃদ্ধ-বৃদ্ধারা। এ অবস্থা চলে আসছে তিন বছর ধরে।ব্যাংকে ভাতা নিতে আসা একাধিক বয়স্ক লোকের সঙ্গে আলাপ করে জানা গেল, বেগুনবাড়ি ইউনিয়নে অগ্রণী ব্যাংকের শাখায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হতো। ২০০৮ সালের জুলাইয়ে ওই শাখাটি পীরগঞ্জে স্থানান্তরিত হয়। এরপর থেকে ওই ইউনিয়নের বয়স্ক ও প্রতিবন্ধীদের ১৫ থেকে ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পীরগঞ্জে এসে ভাতার টাকা তুলতে হচ্ছে। আসা-যাওয়াতেই তাঁদের ১২০ থেকে ১৫০ টাকা খরচ হয়। ওই দিন বেগুনবাড়ি ইউনিয়নের ৩০০ জন বৃদ্ধ-বৃদ্ধা এপ্রিল, মে ও জুন মাসের ভাতা নিতে এসেছিলেন পীরগঞ্জ অগ্রণী ব্যাংকে। তিন মাসে তাঁরা ৯০০ টাকা ভাতা পান।ওই ইউনিয়নের বান্দিগড় গ্রামের বিবিরন বেওয়া (৭২) বলেন, ‘ভেনত যাইতে-আইসতে ১২০ টাকা খরচ, ফের দিনডা শেষ, নি খায় থাকেহেনে জানডা বাহির হয় যাহা, হামাক আগের জাগাত টাকা পাবার পাহি (ব্যবস্থা) করে দবাগে।’ একই রকম কষ্টের কথা বলছিলেন বসভাঙ্গা গ্রামের বিনোদা (৬৯), বান্দিগড় গ্রামের আবদুর রাজ্জাক (৯৫) এবং বেগুনবাড়ি গ্রামের জাকেরুন বেওয়া।অগ্রণী ব্যাংক পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক কমল কুমার কর্মকার বলেন, ‘এত দূর এসে ভাতা নিতে তাঁদের খুবই কষ্ট হয়, ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়িতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) শাখা আছে। সেখান থেকেই তাঁদের ভাতা দেওয়া গেলে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবারা কষ্ট থেকে বাঁচেন।’এ ব্যাপারে রাকাব ঠাকুরগাঁও আঞ্চলিক ব্যবস্থাপক খাজা ওয়ালিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুস্থ মানুষের সুবিধার্থে আমাদের কষ্ট হলেও মানবিক কারণে ও কর্তৃপক্ষ চাইলে আমরা বেগুনবাড়ি শাখার মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করতে প্রস্তুত।’