ভাতার জন্য বয়স্কদের অপেক্ষা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঈদের আগে অনেক অসচ্ছল বয়স্ক মানুষ ভাতা তুলতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দুর্ভোগ পোহাচ্ছেন। টেপাগাড়ী গ্রামের বুলি বেগম (৯০) জানান, তাঁর গ্রাম থেকে উপজেলা সদরের দূরত্ব সড়ক পথে ১২ কিলোমিটার। যোগাযোগব্যবস্থাও ভালো নয়। হেঁটে তারপর বাসে অথবা টেম্পোতে শিবগঞ্জ সদরে যাতায়াতে তাঁর ৬০ টাকা ব্যয় হয়। তিনি বলেন, ‘বাবা, এই অবস্থা নতুন না, পেরতেক বারই এই রকম সকাল থ্যাকা সন্ধ্যা পোরযোন্ত হামাকেরোক ব্যাংকের দরজাত বস্যা থাকা লাগে। কী যে কষ্ট হয়, কবার পারি না।’ একই ধরনের কথা বলেন বিহারহাট গ্রামের রহিমুদ্দিনসহ (৮৪) কয়েকজন।গত কয়েক দিন উপজেলা সদরের সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখা কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ব্যাংক দুটির সামনে কেউ এখানে, কেউ ওখানে, কেউ দোতলার ব্যাংকে ওঠার সিঁড়িতে, সিঁড়ির পাশে মেঝেতে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এঁদের অনেকে চোখে কম দেখেন, ভালোভাবে হাঁটতে পারেন না। আবার কেউ কেউ খুব অসুস্থ। এখানে নেই তাঁদের বসার কোনো ব্যবস্থা। আর সোনালী ব্যাংকের সিঁড়ি এতটাই খাড়া যে বয়স্ক এসব মানুষকে এটি বেয়ে ওপরে উঠতে চরম দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের সাত হাজার ৪১ জন বয়স্ক ভাতা পান। উপজেলা সদরের সোনালী ব্যাংক শাখায় ছয় ইউনিয়নের ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় একটি ইউনিয়নের এ ভাতা বিতরণ করা হয়। বাকি ইউনিয়নগুলোর ভাতা সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা থেকে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, ব্যাংকের লোকজন নির্দিষ্ট সময়ে ইউনিয়নে গিয়ে ভাতার টাকা বিতরণ করলে এসব মানুষের ভোগান্তি লাঘব হবে।উপজেলা সদরের সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক ছামসুল আলম বলেন, ‘বেশি টাকা নিয়ে ইউনিয়ন পরিষদে যাওয়াটা সমস্যা হয়। দুর্ঘটনা ঘটলে তা পূরণ করা সম্ভব নয়।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছাইফুল ইসলাম বলেন, ‘অচিরেই এই ভোগান্তি লাঘবে সব পক্ষকে নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেব।’