বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সুবিধাভোগীদের ভাষ্য, গত রোববার ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে টাকা বিতরণের সময় তাঁদের ২০০-২৫০ টাকা কম দেওয়া হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশের এক সদস্য গতকাল সোমবার ওই টাকা ফেরত দিয়েছেন।
সমাজসেবা অধিদপ্তরের সদর উপজেলা সূত্র জানায়, গোটাপাড়া ইউনিয়নে ৫৭৮ জন বয়স্ক, ২৭৫ জন বিধবা ও ১২৪ জন প্রতিবন্ধী মিলিয়ে ভাতাভোগীদের সংখ্যা প্রায় ৯৭৭। গত রোববার ১১৯ জন বয়স্ক, ১০৫ জন বিধবা ও ৬২ জন প্রতিবন্ধীর মাঝে ভাতার অর্থ বিতরণ করা হয়। ভাতা হিসেবে কার্ডধারী প্রতিবন্ধীরা প্রতি মাসে ৬০০ টাকা এবং বয়স্ক ও বিধবারা প্রতি মাসে ৫০০ করে টাকা পান। বছরে দুবার তাঁদের এই টাকা দেওয়া হয়।
ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে টাকা কেটে নেওয়ার একটি ভিডিও চিত্র পেয়েছেন এ সংবাদদাতা। এতে দেখা গেছে, চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তাসহ সাত-আটজন ইউপি ভবনের একটি কক্ষে বসে আছেন। ভাতার জন্য একে একে নাম ধরে ঢাকা হচ্ছে। বয়স্ক ভাতার টাকা পেয়ে একজন চেয়ারম্যান সেখ সমশের আলীর কাছ জানতে চাইছেন, ‘ওদা (দাদা), কত টাকা কাইটে রাখতিছেন?’ এরপর তিনি টাকা নেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘খরচ বাবদ’।
ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সোবহান হালদার প্রথম আলোকে বলেন, ‘ভাতা পাওয়া প্রত্যেকের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হয়েছে। যার ২০০ টাকা নিয়েছেন চেয়ারম্যান সমশের আলী এবং ৫০ টাকা করে নিয়েছেন স্থানীয় অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা।’
দেপাড়া গ্রামের হাতেম শেখ গতকাল বলেন, রোববার ভাতার টাকা থেকে ২৫০ টাকা কেটে নিয়েছিল। আজ (গতকাল) তা গ্রাম পুলিশ কাওসার আলী মল্লিক ফেরত দিয়েছেন।
এ গ্রামের প্রতিবন্ধী ভাতাভোগী মোশারফ হালদার, সাজেদ হালদার ও এয়ার আলী পাইকের কাছ থেকেও টাকা কেটে রাখা হয়েছিল। পরে তাঁরা ওই টাকা ফেরত পেয়েছেন।
এ সম্পর্কে কাওসার আলী মল্লিক বলেন, ‘চেয়ারম্যান সাহেব বলছিল, তাই আমারা টাকা নিছিলাম। কত টাকা নিছিল, তা আমি সঠিক জানি না। সকালে চেয়ারম্যান সাহেব আমাদের কাছে টাকা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিতে বলেন। টাকা ফেরত দিছি।’
তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান বলেন, ‘ভাতাপ্রাপ্ত প্রত্যেকের নিজ নামে ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) রয়েছে। তাঁরা যে যার টাকা তোলেন। এই টাকা তো আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কোনো টাকা নিইনি। তাই ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি শুনেছি ব্যাংক ভাতাভোগীদের কাছ থেকে ৫০ টাকা তাদের অ্যাকাউন্টে জমা রেখেছে।’
অগ্রণী ব্যাংক দেপাড়া শাখার ব্যবস্থাপক সঙ্কর কুমার পালের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি দাবি করেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। পরে তিনি বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়ে রোববার বিকেলে ইউনিয়ন কার্যালয়ে টাকা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এর আগে বিষ্ণুপুর ও ধোপাখালী ইউনিয়নে ভাতার টাকা কেটে রাখার অভিযোগ উঠেছিল। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’
সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা বলেন, রোববার সন্ধ্যায় তিনি অভিযোগ তদন্তে গোটাপাড়া ইউপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে ভাতাভোগীদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া দুটি ভিডিও ক্লিপ হাতে এসেছে। এতেও টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আজই (গতকাল) জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দাখিল করা হবে।