ভাতার টাকা তুলতে এসে লাশ হলেন বৃদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স্ক ভাতার টাকা তুলতে এসে হেদো বিবি (৬৫) নামে এক বৃদ্ধা গরুভর্তি নছিমনের চাপায় নিহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সোনালী ব্যাংকের সামনে গতকাল রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বয়স্ক ভাতার টাকা তুলতে সোনালী ব্যাংক বালিয়াডাঙ্গী শাখায় আসেন বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামের হেদো বিবি। তিনি সড়ক পার হওয়ার সময় গরুভর্তি একটি নছিমন তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হেদো বিবিকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় নছিমনটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।