ভাতার টাকা দিয়েছে সরকার বিতরণ করছে না ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের তিন মাসের বকেয়া ৪৭ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে অলস পড়ে থাকলেও তা বিতরণ করা হচ্ছে না। এতে ভাতাভোগীরা কষ্টে আছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হারাগাছ পৌরসভাসহ বালাপাড়া, কুর্শা, শহীদবাগ, সারাই, টেপামধুপুর ও হারাগাছ ইউনিয়নে ৫ হাজার ৬৭০ জন বয়স্ক, ২ হাজার ১৩২ জন বিধবা ও ১ হাজার ৪১৫ জন প্রতিবন্ধী ভাতা পান। গত বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বয়স্ক ভাতা ২৮ লাখ ৩৫ হাজার টাকা, বিধবা ভাতা ১০ লাখ ৬৬ হাজার টাকা ও প্রতিবন্ধী ভাতা ৮ লাখ ৪৯ হাজার টাকা গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছাড় দেয় সমাজসেবা অধিদপ্তর। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলো ওই টাকা বিতরণ করেনি।

কয়েকজন ভাতাভোগী অভিযোগ করে বলেন, সোনালী ব্যাংকের কাউনিয়া উপজেলা সদর শাখা, মীরবাগ শাখা, হারাগাছ শাখা এবং জনতা ব্যাংকের উপজেলা সদর শাখা ও হারাগাছ শাখার মাধ্যমে হারাগাছ পৌরসভাসহ ছয় ইউনিয়নের সুবিধাভোগী ব্যক্তিরা ভাতা তোলেন। এই ভাতা তিন মাস পরপর দেওয়া হয়। কিন্তু এখনো তাঁরা জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতা পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউপির এক চেয়ারম্যান ও সদস্য বলেন, সরকার তিন মাস পরপর ওই ভাতার টাকা ছাড় দেয়। কিন্তু উপজেলা সমাজসেবা কর্মকর্তার তদারকির অভাব ও টাকা বিতরণে ব্যাংকগুলোর উদাসীনতার কারণে ভাতাভোগীরা সময়মতো তা হাতে পান না। এতে সরকার সম্পর্কেও ভাতাভোগীদের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। অনেক ভাতাভোগী জীবনজীবিকার তাগিদে বাধ্য হয়ে ভিক্ষায় নেমেছেন।

বালাপাড়া ইউনিয়নের মধ্যনিজপাড়া গ্রামের ভাতাপ্রাপ্ত নছিমন বেওয়া (৯৮) বয়সের ভারে নুয়ে পড়েছেন। এখন চোখে ঝাপসা দেখেন। শরীরে তেমন শক্তি নেই। গত রোববার লাঠিতে ভর করে তাঁকে কাউনিয়া বাজারে ভিক্ষা করতে দেখা যায়। ভাতা পান কি না জিজ্ঞেস করতেই বলেন, ‘পাই, তয় ছয় মাস থাকি সরকার টাকা দেয় নাই। মোক কাঁয়ো দ্যাকে না। খাইতে, ওষুধ কিনতে টাকা লাগে, তয় ভিক্ষা করছি।’

সোনালী ব্যাংক উপজেলা সদর শাখার ব্যবস্থাপক ফজলে এলাহি বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে গত বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতার টাকা ডিসেম্বরের প্রথম দিকে ছাড় করা হয়। কিন্তু উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে চেক ইস্যু করা হয় ডিসেম্বর মাসের শেষ দিকে। ডিসেম্বরের শেষে ব্যাংক ক্লোজিং ও জানুয়ারির প্রথম দিকে নতুন ফাইল খোলার কাজ করতে হয়। এ কারণে ওই ভাতার টাকা বিতরণ করা হয়নি। চলতি মাসের মাঝামাঝি সময়ে তা বিতরণ করা হবে।

সোনালী ব্যাংকের মীরবাগ শাখার ব্যবস্থাপক শাহীন শাহ্ আকবর বলেন, ‘ক্লোজিং মাসে নানা ব্যস্ততার কারণে ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের তিন মাসের টাকা বিতরণ করতে পারিনি। শিগগিরই তা বিতরণ করা হবে।’ অনেকটা একই কথা বলেন জনতা ব্যাংকের সদর শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম ও হারাগাছ শাখার ব্যবস্থাপক শামিম আহমেদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, ‘ভাতাপ্রাপ্তদের টাকা ব্যাংকগুলো কেন বিতরণ করছে না তা জানি না। তবে অনেক আগেই আমি ব্যাংক বরাবরে চেক ইস্যু করেছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দ্রুত ওই ভাতার বিতরণে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।