সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের ভাতার টাকা বিতরণে অনিয়ম করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা এতে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ উপজেলার আনসার ও ভিডিপির ৭৩৯ জন সদস্য দায়িত্ব পালন করেন।
এঁদের মধ্যে আনসার ও ভিডিপির ৬৪ জন প্লাটুন কমান্ডার ও ৬৪ জন সহকারী প্লাটুন কমান্ডার এবং ৬১১ জন সাধারণ সদস্য রয়েছেন। সাধারণ সদস্যদের জন্য পাঁচ দিনে জনপ্রতি ভাতা বাবদ এক হাজার ৮৯০ টাকা এবং প্লাটুন কমান্ডার ও সহকারী প্লাটুন কমান্ডারের জন্য দুই হাজার ৪০ টাকা করে বরাদ্দ করা হয়। কিন্তু উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা সাধারণ সদস্যদের মধ্যে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ টাকা এবং প্লাটুন ও সহকারী প্লাটুন কমান্ডারদের মধ্যে এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকা করে বিতরণ করেছেন। ১৪ জানুয়ারি থেকে এ টাকা বিতরণ শুরু করা হয়। গত বুধবার তা সম্পন্ন হয়।
নাম প্রকাশ না করার শর্তে আনসার ও ভিডিপির কয়েকজন প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডার ও সাধারণ সদস্যদের অভিযোগ, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা তাঁদের ভাতার কিছু টাকা খরচের কথা বলে রেখে দিয়েছেন।
এ নিয়ে বাড়াবাড়ি কেউ করলে ভবিষ্যতে কোনো দায়িত্ব তাঁদের দেবেন না বলে তিনি হুমকি দেন। তাই এ নিয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘আমি ভাতা থেকে কোনো টাকা রাখিনি বা কাউকে ভয় দেখাইনি। ভাতার প্রাপ্য টাকা প্রতিটি গ্রুপের প্লাটুন কমান্ডারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো অনিয়ম হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান বলেন, ‘এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি।’ আনসার ও ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ডার মো. আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ভাতার টাকা বিতরণে কোনো অনিয়ম হলে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।