ভাতার টাকায় সহায়তা ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা সচ্ছল মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের দেওয়া ভাতা নেবেন, সেটি ভাবেননি কখনো। কিন্তু পর্যায়ক্রমে যখন সচ্ছল মুক্তিযোদ্ধাদেরও ভাতা দেওয়ার উদ্যোগ নেয় সরকার, তখন তাঁরা সেই ভাতার টাকা মানুষের কল্যাণে ব্যয় করার চিন্তা করেন। সেই চিন্তা থেকেই গড়ে তোলা হয় ‘গৌরবের মুক্তিযুদ্ধ’ সহায়তা ট্রাস্ট।
ভাতার টাকায় গত বছরের জুলাইয়ে গড়ে তোলা এই ট্রাস্টের পক্ষ থেকে গত শুক্রবার সন্ধ্যায় শহরের পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে খাতা, কলম ও স্কুলব্যাগ। পৌরসভা মিলনায়তনে ওই অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, ট্রাস্টের উদ্যোক্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রাস্টের সদস্য হলেন সুনামগঞ্জের ছয়জন মুক্তিযোদ্ধা। যাঁদের মধ্যে চারজনই বেঁচে নেই।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও ট্রাস্টের উদ্যোক্তা বজলুল মজিদ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন লে. কর্নেল (অব.) এ এস হেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক-মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী, কর্নেল (অব.) আবদুর রউফ বীরবিক্রম, মেজর (অব.) মাহমুদুল মাসুদ, মুক্তিযোদ্ধা রানা চৌধুরী ও আপ্তাব উদ্দিন আহমদ।
‘গৌরবের মুক্তিযুদ্ধ’ সহায়তা ট্রাস্টের সদস্যরা হলেন কমরেড বরুণ রায়, হুসেন বখত, আলফাত উদ্দিন আহমদ, আছদ্দর আলী চৌধুরী, রানা চৌধুরী এবং বজলুল মজিদ চৌধুরী।
বজলুল মজিদ চৌধুরী বলেন, বর্তমান বছরে ছয়জন মুক্তিযোদ্ধার ভাতা হিসেবে তিন লাখ ৬০ হাজার টাকা পাওয়া যাবে। সব টাকাই মানুষের কল্যাণে ব্যয় করা হবে।