ভাতার পেছনে ছোটেন না তাঁরা

বাসন্তি রানী, জিতুবালা, ইন্দুবালা, রাজেশ্বরী, পার্বতী ইটভাটার শ্রমিক। ভাটার কালি আর তাপে গাঢ় কালচে তাঁদের সবার মুখমণ্ডলের চামড়ার রং। কৃষিজমিতে দিনমজুরি খাটেন বাকচাই বালা, রঞ্জনা বালা। হাড়ভাঙা পরিশ্রম আর প্রখর রোদে পুড়ে যাওয়া চামড়া তাঁদেরও। তবুও জীবনের চাকা শক্ত হাতে ধরে রেখেছেন তাঁরা। মনে কোনো খেদও নেই কঠোর পরিশ্রম নিয়ে। শুধু চান সারা বছর কাজের নিশ্চয়তা।
সম্প্রতি এক দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের নীড় ব্রিকস নামের একটি ইটভাটায় গিয়ে দেখা যায়, ১৩ জন নারীশ্রমিক ভাটার ইট সরানোর কাজ করছেন। ওই সময়ে তাঁদের সঙ্গে কোনো পুরুষ শ্রমিককে দেখা যায়নি। দুপুরের খাবারের বিরতির সময় তাঁদের সঙ্গে কথা হয়। জানা যায়, তাঁরা সবাই আকচা গ্রামের বাসিন্দা।
ইটভাটার শ্রমিক রাজেশ্বরী রানী (৪৬) বলেন, ‘হামার কুনো দুঃখ নাই।’ আরেক শ্রমিক উষা রানী বললেন, ‘হামরা ধনী। ধনের ধনী না, মনের ধনী। গতর খাটায় খাই। হামরা ভিজিডি কার্ড, বয়স্ক ভাতার পেছনত ঘুরু না।’
রাজেশ্বরী বলেন, তাঁর আট বছরের একটা মেয়ে আছে। মেয়ে যখন পেটে, তখন স্বামী আরেকটি বিয়ে করে চলে যান। এরপর কখনো ভাইয়ের সংসারে, কখনো বোনের সংসারে বোঝা হয়ে দিন কাটে। একসময় শুরু করেন দিনমজুরি। সকাল আটটায় কাজে এসে
বিকেল পাঁচটায় ফেরেন। মাঝে ঘণ্টা খানেক থাকে খাওয়ার বিরতি। দৈনিক মজুরি পান ১৪০ টাকা।
পাশের ধানি জমিতে কাজ করছিলেন আরও কিছু নারী। তাঁদের মধ্যে সবচেয়ে বয়স্ক বাকচাই বালা (৭৫)। তিনি বলেন, স্বামী বছর পনেরো আগে মারা গেছেন। ছেলে নিজের সংসার নিয়ে ব্যস্ত। তিনি আরও বলেন, ‘আগত ভাটাত কাজ করছিনু। এলা আর পারু না। তাই চুক্তায় ধান কাটিবা নাগিছু। কষ্ট হইলেও সারা বছর হাতত কাজ থাকিলেই হামার শান্তি। হামার আর কিছু নাগে না।’
কৃষি শ্রমিকদের মধ্যে ছিলেন রঞ্জনা বালাও (৪৩)। কদিন থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। তবুও কাজে আসতে বাধ্য হয়েছেন তিনি। রঞ্জনা বালা বলেন, ‘কাজে না আসলে খাব কী?। ছোটকালে বাপ-মাক হারাইছু। ভাইয়ের সংসারে বড় হইছু। সেই অল্প বয়সে বিয়ে হই গেইছে। দুইখান ছুয়া হওয়ার পর স্বামীও ছাড়ে যায়। এরপর রক্ত-ঘামের পয়সায় সংসার চালাও।’
আকচা গ্রামের বাসিন্দা বৌদ্ধনাথ রায় (৫০) বলেন, এ গ্রামের অধিকাংশ পরিবার অসচ্ছল। অনেকের নিজের ভিটেটুকুও নেই। কাজ করে চলে তাঁদের সংসার। এর ওপর বছরের বেশির ভাগ সময় গ্রামে কাজ থাকে না। তখন তাঁদের কষ্টটা আরও বেড়ে যায়। অনেকের ভাগ্যে সরকারি সাহায্যও জোটে না।
এ ব্যাপারে আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, ইচ্ছা থাকলেও সবাইকে সরকারি সুবিধার আওতায় আনা সম্ভব হয় না। তবুও সীমিত বরাদ্দ দিয়েই সবার মন রক্ষার চেষ্টা করে যাচ্ছি।