ভাতার বই বন্ধক রেখে চলে মুক্তিযোদ্ধার জীবন
অনেক জায়গায় ধরনা দিয়ে সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত পঞ্চগড়ের হতভাগ্য এক মুক্তিযোদ্ধা তাঁর সম্মানী ভাতার বই বন্ধক রেখে ঋণ করতে বাধ্য হয়েছেন। অসুস্থ মুক্তিযোদ্ধা সহিদুল হক (৬৫) নিজের চিকিৎসার খরচ জোগাতে তিন মাস পর পর তিন হাজার টাকা সুদে ছয় হাজার টাকা ঋণ নেন। সাময়িক কিছু প্রয়োজন মিটলেও এখন আবারও চিকিৎসাসংকটে পড়েছেন তিনি। অপরদিকে সুদের টাকা শোধের চাপ তাঁকে আরও বিপর্যস্ত করে তুলছে।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের রাজারপাট ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মুক্তিযোদ্ধা সহিদুল। নিজের কোনো জমি নেই। ২০০১ সালে আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই জোটে তাঁর।
সহিদুল জানান, ১৯৭১ সালে ৬ নং সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। কিন্তু নিজ জীবনেই আজ পরাজিত তিনি। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধার ভাতা পাই তিন হাজার টাকা। তিন মেয়ে ও স্ত্রী নিয়ে সংসার। কখনো মাছ ধরে, কখনো দিনমজুরি করে মেয়েদের লেখাপড়া আর সংসারের খরচ জোগাতে হিমশিম খাই। শরীর ভালো না। আগের মতো খাটতে পারি না। পেটে অসহ্য ব্যথা হয়। ডাক্তার এক্স-রে আর আলট্রাসনোগ্রাম করতে বলছেন। টাকার অভাবে তাও পারি না।’
খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থ হওয়ার পর সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাঈল হোসেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলামের সুপারিশ নিয়ে ২০১১ সালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আর্থিক সাহায্যের একটি আবেদনপত্র জমা দেন সহিদুল। কিন্তু সাড়া পাননি।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক বাহারাম আলী তাঁকে এক্স-রে এবং আলট্রাসনোগ্রাম করতে বলেছেন। শেষ পর্যন্ত সম্মানী ভাতার পাস বইটি জমা রেখে ছয় হাজার টাকা ঋণ নিয়েছেন। এ জন্য তিন মাস পর পর তিন হাজার টাকা সুদ দিতে হয়।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাঈল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সহিদুল হক খুবই অসুস্থ। সম্মানী ভাতার ওপর নির্ভর করেই তাঁকে চলতে হয়। কিন্তু তা খুবই অপ্রতুল।’