ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল
সাভারের চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

অন্তর্বর্তীকালীন ভাতা, আবাসন ব্যবস্থা ও হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের চামড়া শিল্পনগরীতে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা শিল্পনগরীর এক কোণে বংশী নদীর ধারে জড়ো হতে থাকেন। এ জন্য কারখানা থেকে শ্রমিকদের এক ঘণ্টার ছুটি দেওয়া হয়। বেলা ১১টার মধ্যে সমাবেশস্থলে বিপুল জনসমাগম হয়।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহসাধারণ সম্পাদক টি এম লিয়াকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাদিউল ইসলাম বক্তব্য দেন। দাবিগুলো অবিলম্বে মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

আবুল কালাম আজাদ বলেন, শ্রম আইন অনুযায়ী পুরোনো শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা না দিয়ে ট্যানারির মালিকেরা তাঁদের চাকরিচ্যুত করে ঠিকাদারের মাধ্যমে নতুন শ্রমিক নিয়োগের ষড়যন্ত্র করছেন। কিন্তু মালিকদের ষড়যন্ত্র আর দালালদের অপচেষ্টা শ্রমিকেরা কোনো দিনও সফল হতে দেবেন না। আসন্ন কোরবানির ঈদের মধ্যে এসব সমস্যার সমাধান করা না হলে কাঁচামাল থাকা অবস্থায় যদি কোনো সংকট সৃষ্টি হয়, তার দায় মালিকদেরই নিতে হবে।

আব্দুল মালেক আরও বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের আবাসন, চিকিৎসাসেবার জন্য হাসপাতাল, ক্যানটিন, স্কুল ও ডে-কেয়ার সেন্টার এবং ইউনিয়নের কার্যালয়সহ ধর্মীয় উপাসনালয়ের ব্যবস্থা থাকার কথা থাকলেও সাভারের চামড়া শিল্পনগরীতে এসবের কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া খানাখন্দে ভরা রাস্তা আর অপর্যাপ্ত ও অপরিকল্পিত ড্রেনের কারণে রাস্তার ওপর জমে থাকা বর্জ্যমিশ্রিত পানি এখানকার পরিবেশকে দুর্বিষহ করে তুলেছে। তিনি বলেন, সাভারে শ্রমিকদের আবাসনের ব্যবস্থা না থাকায় তাঁদের প্রতিদিন হাজারীবাগ থেকে যাওয়া-আসা করতে হয়। এ জন্য একেকজন শ্রমিকের প্রতিদিন ১২০ টাকা থেকে ১৬০ টাকা খরচ হয়ে যায়। মজুরির একটা বড় অংশ যাতায়াতের পেছনে খরচ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হয়। ঈদের আগে এসব সমস্যার সমাধানসহ ১০ দফা দাবি পূরণ করা না হলে ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে জানতে চাইলে চামড়া শিল্পনগরীর উপব্যবস্থাপক মইন উদ্দিন আহাম্মেদ গতকাল প্রথম আলোকে বলেন, শ্রম আইনের কোথাও বাসস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়নি। তবে শ্রমিকের সংখ্যা ১০০ জনের বেশি হলে ক্যানটিন, আর নারী শ্রমিকের সংখ্যা ৫০ জনের বেশি হলে কারখানাগুলোতে ডে-কেয়ারের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এসবসহ হাসপাতাল, কবরস্থান ও ফায়ার সার্ভিসের ব্যবস্থা করার বিষয়টি বিসিকের পক্ষ থেকে ভেবে দেখা হচ্ছে।