ভাতিজাকে বাঁচাতে গিয়ে মারধরে প্রাণ গেল চাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বগুড়ার ধুনট উপজেলায় ভাতিজাকে রক্ষা করতে গিয়ে পিটুনিতে আবদুর রশিদ (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১১টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বিলা পূর্বপাড়া গ্রামের আবদুর রশিদ ভিক্ষাবৃত্তি করে চার সদস্যের সংসার চালাতেন। এক সপ্তাহ আগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পরানপুর গ্রামের জহুরুল ইসলামের অটো ভ্যানের চারটি ব্যাটারি চুরি হয়। রোববার রাত আটটার দিকে ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ও তাঁর লোকজন ব্যাটারি চুরির অভিযোগে রশিদের ভাতিজা নুরুল ইসলামকে আটক করে প্রতিবেশী চান্দু মিয়ার বাড়িতে সালিস বৈঠক বসান। এরপর রফিকুল ইসলাম ও তাঁর লোকজন ব্যাটারি চুরির অভিযোগে নুরুল ইসলামকে মারধর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালান। এ সময় ভাতিজার চিৎকারে আবদুর রশিদ রাত ১১টার দিকে বাড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে মারধরের প্রতিবাদ করেন। একপর্যায়ে রফিকুল ও তাঁর লোকজন রশিদকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। তখন পালানোর চেষ্টা করলে তাঁরা চান্দু মিয়ার বাড়ির কাছে রাস্তায় রশিদকে ধরে মারধর করেন। সেখানেই রশিদ মারা যান। খবর পেয়ে ওই দিন রাত দুইটার দিকে পুলিশ রাস্তা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত ব্যক্তির ছেলে আবদুল মেজের বলেন, ‘আমার চাচাতো ভাইকে আটক করে চুরির মিথ্যা অভিযোগে সালিস বৈঠকে ইউপি সদস্য রফিকুল ও তার লোকজন মারধর করতে থাকে। এই ঘটনার প্রতিবাদ করায় তারা আমার বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে হত্যা করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ঘটনার পর থেকে রফিকুল ও তাঁর লোকজন পলাতক থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রফিকুলের মুঠোফোনটি বন্ধ রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ব্যাটারি চুরির ঘটনা নিয়ে রশিদের ভাতিজাকে মারধরের ঘটনা ঘটেছে। রশিদ কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সনাতন চক্রবর্তী বলেন, প্রতিপক্ষের মারধরে আবদুর রশিদ নিহত হয়েছেন বলে শোনা গেছে। তবে নিহত ব্যক্তির শরীরে আঘাত ও ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। তাই ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। তবে মামলা হলে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।