ভাতিজাদের বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজারা চাচা শাহজাহান বেপারীকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার বড় বাচড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় বাচড়া গ্রামের মৃত আফজাল বেপারীর ছেলে শাহজাহান বেপারীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ভাতিজা উজ্জ্বল, আলাউদ্দিন, আল আমিন ও নাসিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গতকাল সকালে ভাতিজাদের সঙ্গে চাচার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চার ভাই একত্র হয়ে ঘরে ঢুকে শাহজাহানকে রামদা দিয়ে কোপান। এতে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় বিকেলে হত্যা মামলা করেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ঘটনাটি সকালে ঘটানোর পর আসামিরা পালিয়ে গেছেন।