ভাতিজার কোপে বৃদ্ধ নিহত
নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে চাচা বাহার উদ্দিনকে (৫৫) খুন করেছেন ভাতিজা আবদুল হেলিম। গত রোববার উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তবে আবদুল হেলিম পলাতক আছেন।পুলিশ ও নিহতের পারিবার সূত্র জানায়, রোববার সকালে মনকান্দা গ্রামের বাহার উদ্দিনের একটি গরু বড় ভাই আবদুল হাইয়ের ধানখেতে প্রবেশ করলে তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আবদুল হাইয়ের ছেলে আবদুল হেলিম ছুটে গিয়ে চাচা বাহার উদ্দিনের পিঠের বাঁপাশে ধারালো দা দিয়ে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় বাহার উদ্দিনকে প্রথমে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, ইতিমধ্যে আসামি হেলিমের বাবা আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।