ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের ছোট ভাই মো. কামরুজ্জামান গত সোমবার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ওই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীআকরাম আলী বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পরও এমপি সাহেবের অনুরোধে ছোট চাচাকে (সফিকুল ইসলাম) বাবা ছেড়ে দিয়েছিলেন। এবার পরিবারের লোকজন কামরুজ্জামান চাচাকে অনুরোধ করায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় বলেন, দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে অনুরোধ করা হয়। এ অনুরোধে সাড়া দিয়ে তিনি (কামরুজ্জামান) প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে মো. কামরুজ্জামান তাঁর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছেলে আকরাম আলীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। সে সময় তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়ার কথা। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ইউনিয়ন কমিটির বর্ধিত সভায় প্রভাব খাটিয়ে ও সভায় উপস্থিত সদস্যদের মতামত না নিয়েই বড়বাড়ি ইউনিয়নে তাঁর ছেলে আকরাম আলীকে প্রার্থী হিসেবে বাছাই করেন। বর্ধিত সভা ডেকে ভোট নিলে আমি জয়ী হতাম।’
সে সময় মো. কামরুজ্জামান আরও বলেন, তাঁর ভাতিজা আকরাম আলীর খুব একটা জনপ্রিয়তা নেই। তাঁকে এবারও প্রার্থী করায় এ ইউনিয়নে আওয়ামী লীগের ভরাডুবি হতে পরে। চেয়ারম্যানের পদ যাতে অন্য দলের লোকের হাতে চলে না যায়, সে কারণে তিনি ভাতিজার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।
এ নিয়ে গত ৯ এপ্রিল প্রথম আলোতে ‘বালিয়াডাঙ্গীতে সাংসদের ভাই-ভাতিজার লড়াই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আগামী ৭ মে ওই ইউনিয়নে ভোট।