ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু!
ফেনীর সোনাগাজী উপজেলার সরাজপুর গ্রামে গতকাল শুক্রবার ভাতিজা এমরান হোসেনের লাঠির আঘাতে চাচা হোসেন আহম্মদ (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রগুলো জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল বেলা এগারোটার দিকে হোসেন আহম্মদ ও এমরান হোসেনের পরিবারের নারী সদস্যদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে পুরুষ সদস্যরাও এতে যোগ দেয়। একপর্যায়ে হোসেন আহম্মদ ঝগড়া থামাতে এগিয়ে যান। এ সময় ভাতিজা এমরান হোসেন লাঠি দিয়ে চাচা হোসেন আহম্মদের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাঁকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হোসেন আহম্মদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর এমরান হোসেন পালিয়ে যায়।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম জানান, এ ঘটনায় হোসেন আহম্মদের ছেলে নূরুল আমিন সাতজনকে আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলা করেছেন।