ভাতিজার লাশ দেখতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল চাচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। তাঁর লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তির চাচি। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম নুরুল আমিন (৪০)। তাঁর বাড়ি আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামে। দুর্ঘটনায় নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৬৫)। তাঁর বাড়ি বগইরের পাশেই সরাইল উপজেলার বেড়তলা গ্রামে। তিনি নুরুল আমিনের চাচা অলিউর রহমানের স্ত্রী। এ দুটি ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি, পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বগইর গ্রামের নারগিছ বেগম খড়িয়ালা গ্রামের আবু তালেবের কাছে এক লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকা আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে গতকাল ভোর পাঁচটার দিকে খড়িয়ালা গ্রামের কয়েকজন যুবক ঢাকা-সিলেট মহাসড়কের বগইর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা টানা সংঘর্ষের পর পুলিশ কাঁদানে গ্যাসের ২২টি শেল ছুড়ে মহাসড়ক থেকে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়। পরে দুই গ্রামের মাঝখানের আমনখেতে আরও দুই ঘণ্টা সংঘর্ষ হয়। পুলিশ ২০টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষ চলাকালে নুরুল আমিন নিহত ও উভয় গ্রামের শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগইর গ্রামের বেশ কয়েকজন অভিযোগ করেন, ভোরে খড়িয়ালা গ্রামের লোকজন বগইর গ্রামে হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বগইর গ্রামের লোকজন জড়ো হলে তারা গুলি ছোড়ে। এতে নুরুল আমিন নিহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ার বিষয়টি আমার জানা নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন। খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শ্যামল রঞ্জন দেবনাথ বলেন, নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে এবং বাঁ পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে ছিদ্র করার আলামত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে বেলা একটার দিকে নুরুল আমিনের চাচি মনোয়ারা বেগম সরাইলের বেড়তলা বাসস্ট্যান্ড এলাকা আসেন। এ সময় রাস্তা পারাপার হতে গিয়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।