ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেছিল এক বখাটে। এ ঘটনায় প্রতিবাদ করেছিলেন ওই ছাত্রীর চাচা। এতে ক্ষুব্ধ হয়ে ওই বখাটে তাঁকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর আরেক চাচা বালিয়াকান্দি থানায় বুধবার রাতেই মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর বাহেরপাড়া গ্রামের কোবেদ শেখের ছেলে রমজান শেখ (২০) ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার সকালে ওই ছাত্রীর এক চাচা রমজানকে ডেকে ছাত্রীটিকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এ সময় বিষয়টি নিয়ে তর্ক শুরু করলে তিনি রমজানকে চড় মারেন। দুপুরে রমজান তার বড় ভাই মানিক শেখকে নিয়ে সোনাপুর কলেজ রোড এলাকায় এসে তাঁকে (ছাত্রীর চাচা) লাঠি দিয়ে পেটাতে থাকে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রমজান ও তার ভাই পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার এসআই শ্যামল চন্দ্র ধর জানান, আসামি ধরার জন্য অভিযান চালানো হয়েছে। পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।