ভাতিজিকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড
একজোড়া কানের দুলের জন্য ভাতিজিকে হত্যার দায়ে আবদুল কাদের নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরুন নাহার বেগম শিউলি ওই রায় দেন। সাজাপ্রাপ্ত কাদেরের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি গ্রামে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৮ নভেম্বর বেলা দেড়টার দিকে একজোড়া কানের দুলের জন্য আবদুল কাদের তাঁর ভাতিজি স্কুলছাত্রী সোনিয়া আক্তারের (১০) মাথায় কুপিস্ট্যান্ড দিয়ে আঘাত করেন। এতে সোনিয়া মারা যায়। পরে লাশ ঘরের পাশে গুম করে রাখেন কাদের। পরে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ২০০৫ সালের ২৯ নভেম্বর সোনিয়ার বাবা মো. আলম বাদী হয়ে আবদুল কাদেরকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) মুকুল বিকাশ বড়ুয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে যুক্তিতর্ক শুনানি শেষে গতকাল রোববার ওই রায় দিলেন আদালত।