ভাতিজিকে হত্যার দায়ে চাচার যাবজ্জীবন
নীলফামারীতে শিশু রিমু হত্যার দায়ে তার চাচা ওবাইদুর রহমানকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান গতকাল সোমবার দুপুরে এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৮ নভেম্বর জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত আবদুল করিমের ছোট ছেলে বাবুল হোসেনের নয় বছর বয়সী মেয়ে রিমুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় বাবুল হোসেন তাঁর তিন ভাই যথাক্রমে ওবাইদুর রহমান ওরফে ওবায়দুর ইসলাম, হাসান আলী ও মতিয়ার রহমানকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা চলাকালে মামলার ২ নম্বর আসামি হাসান আলীর মৃত্যু হয়। ফলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায়ে ওবাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি মতিয়ার রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।