ভাতিজিকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাতিজি সোনিয়াকে (১০) হত্যার দায়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি গ্রামের আবদুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

আজ রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরুন নাহার বেগম শিউলি ওই রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৮ নভেম্বর বেলা দেড়টার দিকে সোনিয়ার মাথায় কুপি বাতি রাখার স্ট্যান্ড দিয়ে আঘাত করেন আবদুল কাদের। এ ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। আঘাতে সোনিয়া মারা যায়। পরে লাশ ঘরের পাশে মোরগের খাঁচার ভেতরে গুম করে রাখেন কাদের। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এ ঘটনায় ২০০৫ সালের ২৯ নভেম্বর সোনিয়া আক্তারের বাবা মো. আলম বাদী হয়ে আবদুল কাদেরকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মুকুল বিকাশ বড়ুয়া আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে রাষ্ট্রপক্ষে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। যুক্তি-তর্ক শুনানি শেষে আজ রোববার ওই রায় দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন নাইমা সুলতানা মুন্নী।