ভাতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বিষ মেশানো ভাত খাইয়ে বোরহান উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে বোরহানের স্ত্রী শামসুন্নাহার বেগমকে (১৮) আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, বোরহান বেশ কিছু দিন ধরে বেকার। এই নিয়ে স্ত্রীর সঙ্গে নানা সময় তাঁর বিবাদ হতো। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ত্রী তাঁকে ভাত খেতে দেন। ভাত খাওয়া অবস্থায় একপর্যায়ে তিনি চিৎকার করে বাঁচানোর আহ্বান জানান। চিৎকার শুনে পাশের ঘর থেকে বোরহানের ছোট ভাই আল আমিন এসে দেখেন বোরহান কাতরাচ্ছেন। রাতেই বোরহানকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যান।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল আমিন জানান, এ ব্যাপারে তাঁরা মামলা করবেন।
শামসুন্নাহার বলেন, স্বামী তাঁকে একটি ট্যাবলেট দিয়ে তা ভাতের সঙ্গে মিশিয়ে দিতে বলেন। ট্যাবলেট গুঁড়া করে ভাতের সঙ্গে মিশিয়ে খেতে দিয়েছিলেন তিনি। এই ভাত খাওয়ার পর বোরহানের অস্বস্তি শুরু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, বিষয়টি রহস্যজনক। ভাত জব্দ করা হয়েছে। তা পরীক্ষাগারে পাঠনো হবে।