ভাদ্রসংক্রান্তির মেলায় অশ্লীল নাচ, জুয়া
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ভাদ্রসংক্রান্তি মেলার নামে চলছে অশ্লীল নাচ ও জুয়ার আসর।গত বুধবার রাতে সরেজমিনে দেখা গেছে, মেলায় ১৪টি ভ্যারাইটি শোর প্যান্ডেল এবং ১৪টি জুয়ার আসর বসেছে। ‘লাবণী সাংস্কৃতিক গোষ্ঠী’ নামের একটি ভ্যারাইটি শোর প্যান্ডেলে গিয়ে এক নারীর অশ্লীল নাচ দেখা গেছে। মেলা প্রাঙ্গণের এক সেলুনকর্মী বলেন, রাত ১০টা থেকে ভোর পর্যন্ত অশ্লীল নাচ চলে। এরপর যাত্রাপালার অভিনয় শুরু হয়। মেলায় রয়েছে তিনটি যাত্রা প্যান্ডেল। তিনটিতে একই অবস্থা।মেলার জুয়ার আসরের দিকে এগোতেই দেখা যায়, দুই দলের মধ্যে মারামারি-হইচই। জুয়ার আসরের দিক থেকে লোকজন দৌড়ে পালাচ্ছে। মেলা কমিটির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমদাদ বলেন, ‘আমাদের মেলার অবস্থা মহারাজপুর মেলার চেয়ে ভালো। যারা অশ্লীল নাচের আয়োজন করে, তাদের পেটাতে গিয়ে আমার হাতে ব্যথা হয়ে গেছে, ভবিষ্যতে ভ্যারাইটি শো আনা হবে না।’ শিবগঞ্জের ইউএনও এ জেড এম সারজিল হাসান বলেন, ‘জুয়ার আসর বসে থাকলে তা আমার অগোচরে হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেব।’