ভান্ডারিয়ায় উত্ত্যক্তের ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল সোমবার উত্ত্যক্তের ঘটনায় কুলসুম আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। কুলসুম জিয়ানগর উপজেলার বাদুরা গ্রামের মৃত আবুল বাসারের মেয়ে।

কুলসুমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলসুম ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে দক্ষিণ ভান্ডারিয়া গ্রামে খালার বাড়ি থেকে পড়ালেখা করত। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কুলসুম তার খালাতো বোন লিজার সঙ্গে বিদ্যালয় থেকে খালার বাড়ি যাচ্ছিল। তারা থানার সামনের ভান্ডারিয়া পার্ক এলাকায় পৌঁছালে বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পায়েল তাকে (কুলসুম) উত্ত্যক্ত করে। এ সময় উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বিষয়টি দেখতে পেয়ে পায়েলকে ধরে চড়-থাপড় মারেন। পরে এসআই মজিবর পায়েল ও কুলসুমসহ লিজাকে থানায় নিয়ে আসেন। সেখানে অভিভাবকদের ডেকে তাঁদের জিম্মায় পায়েল, কুলসুম ও লিজাকে দেওয়া হয়। এ ঘটনায় পায়েলের মা পারভীন বেগম কুলসুমের খালাবাড়ি গিয়ে মেয়েটিকে গালমন্দ করেন। পরে উত্ত্যক্তের ঘটনা জানাজানি হলে বেলা সাড়ে ১১টার দিকে লজ্জায় কুলসুম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে পায়েলের পরিবারের সবাই পলাতক রয়েছেন। পায়েল দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের নিজাম বেপারীর ছেলে। 

কুলসুমের খালা কাজল বেগম জানান, পায়েলের উত্ত্যক্তের ঘটনায় কুলসুম লজ্জা পায়। এরপর পায়েলের মা মেয়েটিকে (কুলসুম) গালাগালি করলে লোকলজ্জায় সে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ প্রথম আলোকে জানান, খবর পেয়ে কুলসুমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেপুলিশ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। তবে মেয়েটির পরিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করলে মামলা নেওয়া হবে।