পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন ধরে পানি নেই। হাসপাতালের বিদ্যুৎ সঞ্চালনের ট্রান্সফরমারটি বিকল হয়ে যাওয়ায় পানি সরবরাহের পাম্প চালু করা যাচ্ছে না। পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মচারীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ট্রান্সফরমারটি পুড়ে যায়। এরপর থেকে হাসপাতাল ও চিকিৎসক-কর্মচারীদের আবাসিক ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় হাসপাতাল ও আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাতি ও বৈদ্যুতিক পাখা সচল রাখার ব্যবস্থা করা হলেও পানি সরবরাহের পাম্পটি চালু করা হয়নি। এ কারণে গোটা হাসপাতাল ও হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত চিকিৎসক-কর্মচারীদের আবাসিক ভবনগুলোতে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে সাতজন ডায়রিয়ায় আক্রান্ত। শৌচাগারে পানি না থাকায় হাসপাতাল-সংলগ্ন খাল থেকে পানি এনে শৌচাগারে ব্যবহার করতে হচ্ছে। ঝালকাঠীর রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের নাসরিন আক্তার ডায়রিয়ায় আক্রান্ত দেড় বছরের শিশুসন্তান শফিউল্লাহকে গত বুধবার হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পানি সরবরাহ না থাকায় তিনি সন্তানের চিকিৎসা শেষ না করে বাড়ি চলে যেতে চাচ্ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন রোগী জানান, শৌচাগার ব্যবহার করার জন্য অনেকে আশপাশের বাড়ি ও হাসপাতাল এলাকায় অবস্থিত একটি এতিমখানায় যাচ্ছেন। গোসল করতে হচ্ছে আশপাশের বাড়ির পুকুর ও খালে।
উপজেলার কানুয়া গ্রামের ফরিদা বেগম বলেন, ‘চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। হাসপাতালে পানি না থাকায় গোসল করতে পারছি না। খাল থেকে পানি এনে শৌচাগারে যেতে হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন হাজরা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।
ভান্ডারিয়া বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, নতুন ট্রান্সফরমার এনে শিগগিরই হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে।