ভান্ডারিয়ায় চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহেল আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাংগা এলাকায় প্রচারণা চালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিরসহ (জেপি) সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার রাত নয়টার দিকে সোহেল মাটিভাংগা এলাকায় প্রচারণা চালানোর সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, সোহেল আকন গৌরীপুর ইউনিয়ন পরিষদের উত্তর পৈকখালী এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আক্তারুজ্জামান হত্যা মামলাসহ নয়টি মামলার আসামি। একটি অস্ত্র মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত সোহেল উচ্চ আদালত থেকে জামিনে আছেন। মাদক ও ছিনতাই মামলায় সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।