ভান্ডারিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত সুমনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সুমন মিয়া (২৫) গতকাল রোববার সকালে ঢাকায় মারা গেছেন। নিহত সুমন ভান্ডারিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ভান্ডারিয়া শহরের জামিরতলা এলাকার বাসিন্দা। তাঁর আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে।সুমনের মরদেহের সঙ্গে থাকা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাকিম হাওলাদার জানান, ‘ঢাকায় নিয়ে সুমনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুমনের মৃত্যু হয়।’ এদিকে সুমনের মৃত্যুর খবর ভান্ডারিয়ায় পৌঁছালে ভান্ডারিয়া থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা সুমনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করে। থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সবুজ পোদ্দার জানান, ‘এহ্ছাম ও সুমনের ওপর হামলার ঘটনায় শনিবার ভান্ডারিয়া থানা ছাত্রলীগের পক্ষ থেকে অর্পণ জমাদ্দারসহ সাতজনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যানার টানানোকে কেন্দ্র করে গত শনিবার থানা ছাত্রলীগের আহ্বায়ক এহ্ছাম হাওলাদার পক্ষের সঙ্গে যুগ্ম আহ্বায়ক অর্পণ জমাদ্দার পক্ষের সংঘর্ষ হয়। এতে এহ্ছাম হাওলাদার, সুমন মিয়া ও পথচারী অনুপ মালি (১১) আহত হয়।