ভান্ডারিয়ায় টেলিফোন এক্সচেঞ্জ বিকল আড়াই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক্সচেঞ্জটি প্রায় আড়াই মাস ধরে বিকল হয়ে আছে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ আবাসিক গ্রাহকেরা টেলিফোন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ের টেলিফোন বিকল হয়ে পড়ায় দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে।
ইউএনও কার্যালয়ের অফিস সহকারী দিবাকর বিশ্বাস বলেন, ‘টেলিফোন বিকল থাকায় ঢাকাসহ প্রশাসনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্স বার্তা পাওয়া যাচ্ছে না। আবার আমরাও ফ্যাক্সে বার্তা পাঠাতে পারছি না। এ ছাড়া ফোন বিকল থাকায় পরীক্ষা-সংক্রান্ত জরুরি ফোন ও ফ্যাক্স বার্তা অনেক সময় পাওয়া যায় না।’
বিটিসিএল ভান্ডারিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া এক্সচেঞ্জটির ধারণক্ষমতা ৫০০ লাইনের। এর মধ্যে ৪৫০টি সংযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে গ্রাহকসংখ্যা কমে দাঁড়িয়েছে ২১২। গত ১০ সেপ্টেম্বর থেকে ২১২টি টেলিফোন সংযোগ বিকল রয়েছে।
ভান্ডারিয়া বাজারের ব্যবসায়ী বাচ্চু হাওলাদার বলেন, টেলিফোন লাইন বিকল থাকলেও প্রতি মাসে ৯২ টাকা সংযোগ ফি গ্রাহকদের দিতে হচ্ছে। বিটিসিএল কর্তৃপক্ষের অবহেলার কারণে গ্রাহকেরা তেমন একটা সেবা পাচ্ছেন না। এ কারণে বিটিসিএলের গ্রাহক দিন দিন কমে যাচ্ছে।
ভান্ডারিয়া শহরের লক্ষ্মীপুরা মহল্লার বাসিন্দা মামুন হোসেন বলেন, বিটিসিএল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গ্রাহকেরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এ কারণে মানুষ বেসরকারি মুঠোফোন কোম্পানির সেবা নিতে আগ্রহী হচ্ছেন। এর ফলে বিটিসিএল দিন দিন গ্রাহক হারাচ্ছে।
ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, বিষয়টি বিটিসিএল কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ফল পাওয়া যায়নি।
বিটিসিএল বরিশাল কার্যালয়ের প্রকৌশলী জগদীশ মণ্ডল ১৬ নভেম্বর প্রথম আলোকে বলেন, ‘ভান্ডারিয়া উপজেলার এক্সচেঞ্জটির মাদারবোর্ডে জটিলতা দেখা দিয়েছে। আমাদের বরিশাল কার্যালয়ের নিজস্ব কোনো টেকনিশিয়ান না থাকায় সমস্যার সমাধান করা যাচ্ছে না। শিগগিরই ঢাকা থেকে টেকনিশিয়ান এনে এক্সচেঞ্জটি সচল করা হবে।’ তবে গতকাল রোববার ভান্ডারিয়া এক্সচেঞ্জের অপারেটর আবদুল মান্নান জানান, এখনো এক্সচেঞ্জটি সচল হয়নি।