ভান্ডারিয়ায় নৈশপ্রহরী খুন বাউফলে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারে গত শনিবার রাতে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ পটুয়াখালীর বাউফল উপজেলার মমিনপুর গ্রাম থেকে গতকাল রোববার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত ইকড়ি বাজারসংলগ্ন শামসুল হকের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা শামসুল হকের ছেলে শাহাদাৎ হোসেন ও সরোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। শামসুল হক (৬০) ছেলেদের বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। চিৎকার শুনে বাজারের নৈশপ্রহরী আবদুর রশিদ খান (৫৫) এগিয়ে এলে তাঁকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই রশিদ নিহত হন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ গতকাল সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ইকড়ি বাজারের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সুবেদ বৈরাগী নামের একজনকে আটক করা হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি থেকে পুলিশ গতকাল সকালে তাঁর দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের (৩৫) লাশ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন-চার দিন আগে জাহানারা তাঁর বাবার বাড়ির কিছু জমি বিক্রি করেন। জমি বিক্রির টাকা নিয়ে গত শনিবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে জাহানারাকে মারধর করেন আনোয়ার ৷ গতকাল সকালে ঘরের পাশে পুকুরপাড়ে গাছের সঙ্গে জাহানারার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়৷ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার পর আনোয়ার হোসেন ও তাঁর প্রথম স্ত্রী আকলিমা বেগম পালিয়ে যান।