ভান্ডারিয়ায় সাড়ে ১৫ টন সার আটক, জরিমানা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলীখালী ইউনিয়নের তেলীখালী-ইকরী বর্ডার ব্রিজ এলাকা থেকে গত বৃহস্পতিবার বিকেলে সাড়ে ১৫ টন সার আটক করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। সারগুলো ভান্ডারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করার পর গতকাল শুক্রবার পাচারের সঙ্গে জড়িত তিনজনকে জরিমানা করা হয়েছে। আটক ৩১৩ বস্তা সার বাজেয়াপ্ত করা হয়েছে।উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে তেলীখালী এলাকায় গিয়ে দেখতে পান তেলীখালী-ইকরী বর্ডার ব্রিজের কাছে সারবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে আছে। এ সময় ট্রাকের চালকের আসনে থাকা ব্যক্তির কাছে সারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি নিজের নাম আজগর আলী জানিয়ে শুধু সার পরিবহনের জন্য ট্রাকের চালান রসিদ দেখান।কর্মকর্তা জানান, ট্রাক থেকে উদ্ধার করা সারগুলো হলো টিএসপি, ড্যাপ, জিপসাম ও মিশ্র সার। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারের মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ ও একই এলাকার মেসার্স অ্যাগ্রো ট্রেডার্সের দুটি চালান কপি পাওয়া গেছে সার বহনকারী ট্রাকে। কিন্তু সারের বরাদ্দের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা কৃষি দপ্তরের কোনো কাগজপত্র ট্রাকচালক দেখাতে পারেননি।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রাজা আলী জানান, সার বহনকারী ট্রাকের চালক আজগর আলী ও আ. রহিমকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ সারগুলো মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের মামুনুর রশিদ, আ. রহিম ও ভান্ডারিয়া উপজেলার জুনিয়া এলাকার নুরুল ইসলামের।ভান্ডারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল হাসান জানান, সার পাচারের সঙ্গে জড়িত মামুনুর রশিদ, আ. রহিম ও নুরুল ইসলাম গতকাল শুক্রবার ভান্ডারিয়া থানায় বসে দোষ স্বীকার করলে তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং আটক ৩১৩ বস্তা (সাড়ে ১৫ টন) সার বাজেয়াপ্ত করা হয়েছে।নওয়াপাড়া স্টেশন সড়কের মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের মালিক নাজমুল হাসানের সঙ্গে শুক্রবার দুপুরে কথা হলে তিনি জানান, ইমরান নামের একজনের কাছে তিনি সার বিক্রি করেছেন। তবে এ সময় ক্রেতা ওই সারের জন্য বরাদ্দপত্র তাঁকে দেখাননি বলে তিনি জানান। অপর সার বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স অ্যাগ্রো ট্রেডার্সের চালান কপিতে কোনো ফোন নম্বর না থাকায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।