ভান্ডারিয়ায় স্কুলছাত্র অপহরণের প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা মোসলেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মাহাবুব মুন্সিকে (১২) অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্থানীয় মালিরহাট বাজারে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মাহাবুবের পরিবার সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল সকাল নয়টার দিকে মাহবুব বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। সে উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের ইউনুস মুন্সির ছেলে।
এ ঘটনায় গত মঙ্গলবার মাহাবুবেব মা মারুফা বেগম বাদী হয়ে মাটিভাঙ্গা গ্রামের বাবুল হাওলাদারকে (৪০) প্রধান আসামি করে থানায় মামলা করেন। মারুফা বেগম বলেন, ‘বাবুল হাওলাদারের সঙ্গে জমির নিয়ে আমাদের সঙ্গে বিরোধ রয়েছে। এ কারণে বাবুল পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছে।’ বাবুল হাওলাদার মামলার পর থেকে পলাতক।
ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, ওই ছাত্রকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।