ভাপসা গরমে মারা গেছে তিনটি গরু

দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে কোরবানির পশু আসতে শুরু করেছে। ইজারাদার ও ব্যাপারীরা মনে করছেন, আজ শনিবার থেকে পশুর হাট জমে উঠবে। পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে রাজধানীতে গরুর হাট বসার কথা।
এদিকে বিভিন্ন হাটে ওঠা গরুগুলোকে গরমের হাত থেকে রক্ষা করতে ব্যস্ত থাকতে হচ্ছে মালিকদের। গতকাল শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একে তো গরম, তার ওপর ভাপসা আবহাওয়া। সব মিলিয়ে গরমে অতিষ্ঠ হয়ে মোহাম্মদপুর হাটে মারা গেছে তিনটি গরু।
গরু ছাড়াও গত বৃহস্পতিবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে মহিষ, ছাগল ও ভেড়া আসতে শুরু করেছে। গতকাল গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে, গরুর পাশাপাশি হাটে আনা হয়েছে অনেক মহিষ। গরু তুলনায় কম। ব্যাপারীরা বলছেন, গাবতলীর পশুর হাটে ইতিমধ্যে গরু এসেছে এক লাখের মতো। তবে এ তথ্য মানতে নারাজ গাবতলীর গরু হাটের পরিচালক মো. রাকিব ইমরান। তিনি প্রথম আলোকে বলেন, ‘গরু হাটে এসেছে। তবে এক লাখ হবে বলে মনে করি না।’ দু-এক দিনের মধ্যে পুরো হাট গরুতে ভরে যাবে বলে তিনি আশা করছেন।
গতকাল ছুটির দিনে ক্রেতার সংখ্যা ছিল কম। এই অল্পসংখ্যক ক্রেতারও আগ্রহ ছিল পশু দেখার। গতকাল রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, পুরান ঢাকার কেল্লার মোড়, রহমতগঞ্জসহ অন্য হাটগুলোর চিত্র ছিল এমনই।
গাবতলী হাটে রবিউল ইসলাম ১৭টি গরু এনেছেন। গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট। আহমেদ রাজু এসেছেন গরু কিনতে। রবিউলের কাছে গরুর দাম শুনে রাজু উত্তেজিত হয়ে বললেন, ‘গরুর দাম আপনারা বেশি চাইছেন। এত দাম দিয়ে কেউ কিনবে না।’
বেশি দাম চাওয়ার ব্যাপারে রবিউল বললেন, কুষ্টিয়া থেকে একটা গরু আনতে ট্রাক ভাড়াসহ আনুষঙ্গিক অনেক খরচ আছে। আর গরু পুষতে এখন খরচ অনেক। যে কারণে গরুর দাম এবার বেশি।
গরু কিনতে আসা আশরাফ উদ্দিন বলেন, গত বছর যে গরুর দাম ছিল ৬০ হাজার টাকা, এবার সেই গরুর দাম হাঁকা হচ্ছে এক লাখ টাকা।
কুষ্টিয়ার লোকজনই গাবতলীর হাটে গরু এনেছেন বেশি। এঁদের কয়েকজন কালাম, ছলিম, সোহরাব ও রহমান। এই চার গরু ব্যাপারী জানান, কয়েক বছর ঢাকায় গরু এনে লোকসান হয়েছে। এবার একটু লাভের আশায় অনেক কষ্ট করে গরু ঢাকায় এনেছেন। তাঁরা মনে করেন, ভারতীয় গরু বাজারে না এলে তাঁদের লাভ হবে।
দেখা যায়, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন হাটে গরু রাখার জায়গা তৈরি করতে গিয়ে বালু ফেলা হয়েছে। ওপরে শামিয়ানা টানানো হয়েছে। সকাল থেকে বালুর ওপর রোদ পড়ে গরমের তীব্রতা আরও বেড়ে যায়। যেসব ব্যবসায়ী ভারী শামিয়ানা ও গাছের নিচে গরু রাখতে পেরেছেন, তাঁরা অন্যদের চেয়ে স্বস্তিতে আছেন। সোহরাব হোসেন নামে একজন বিক্রেতা একটি গরুর দাম চাইলেন ৯০ হাজার টাকা। সেখানে দাঁড়ানো আরেক ব্যবসায়ী বললেন, শেষ পর্যন্ত এই গরুর দাম সর্বোচ্চ ৬০ হাজার টাকা হতে পারে। সবকিছু নির্ভর করবে বাজারে কত গরু এসেছে তার ওপর।
তিনটি গরুর মৃত্যু: সিরাজগঞ্জের সাজু মোল্লা ১৮টি গরু নিয়ে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন গরুর হাটে আসেন। আশা ছিল, এবার ভালো দাম পাবেন। কিন্তু শুরুতেই হোঁচট খেলেন তিনি। ১৮টি গরুর মধ্যে তিনটি গরু মারা যায়। যাত্রাপথের ধকল আর প্রচণ্ড গরমে গরুগুলো মারা গেছে বলে জানিয়েছেন সাজু মোল্লা ও হাটের অন্য ব্যবসায়ীরা।
হাটের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স আর এম ইন্টারন্যাশনালের এক তদারককারী বাদল বললেন, প্রথম গরুটি মারা যাওয়ার পর আরও দুটি গরু অসুস্থ হয়ে পড়ে। ওই দুটি গরুর চিকিৎসা করানোর জন্য পশু চিকিৎসক আনা হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
বাদল বলেন, চিকিৎসক বলেছেন, গরমের কারণে রাজধানীর হাটগুলোতে পশুদের অবস্থা খারাপ। পশুগুলোকে স্বস্তি দিতে ভেজা কাপড় গায়ে জড়িয়ে রাখা হচ্ছে। গোসল করানো হচ্ছে। প্রচুর পরিমাণে পানি খাওয়ানো হচ্ছে। মোহাম্মদপুরের ওই গরুর হাটের পাশেই একটি ছোট ডোবা রয়েছে। বিক্রেতারা গরুগুলোকে সেখানে গোসল করাচ্ছেন।
তিনটি গরুর মৃত্যুতে ভেঙে পড়েছেন সাজু মোল্লা। তিনি বললেন, গরু মারা যাওয়ায় তাঁর সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে। বিক্রি করতে পারলে ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ পেতেন। তিনি বলেন, ‘বাকি ১৫টি গরু বিক্রি করে এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে। এবারের ঈদের আনন্দ আর আমার ঘরে আসবে না।’
সাজু মোল্লা আরও বললেন, প্রথমে মারা যাওয়া গরুটি একজন কিনে নিয়েছেন। তিনি এই গরু খামারের মাগুর মাছকে খাওয়াবেন। একই কারণে বাকি দুটি গরুও অন্য দুজন নিয়েছেন।
হাটের অন্য ব্যবসায়ীরা বলেন, প্রচণ্ড গরমে প্রথমে একটি গরু বসে পড়ে। কিছুক্ষণ পরে এটি মারা যায়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য দুটি গরু বসে পড়ে। এই অবস্থায় দুটি গরু জবাই করা হয়।
লালবাগ কেল্লার মোড় হাট: বিকেলে দেখা যায়, লালবাগ বেড়িবাঁধের বাঁশপট্টি নামক স্থানে প্রধান সড়কের দুই পাশে এবং এর কাছে দেলোয়ার হোসেন খেলার মাঠে পশুর হাট বসেছে। হাটে শ খানেক পশু এসেছে। বাঁশের ঘেরা দেওয়ার বেশির ভাগই খালি। হাটের পাশে পুলিশ কন্ট্রোল রুম ও হাসিল ঘর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
গরু ব্যাপারী নজরুল ইসলাম বলেন, কুষ্টিয়া থেকে ৪০টি গরু এনেছেন। তবে ক্রেতাদের দাম বলার চেয়ে দেখার আগ্রহ বেশি। লালবাগের আমলিগোলার বাসিন্দা কামরুদ্দিন বলেন, এখনই গরু কিনবেন না। দাম দেখতে এসেছেন।
গরু ব্যাপারী আনোয়ারুল ইসলাম আশা করেন, এবার গরুর দাম বেশি পাবেন। কারণ, ভারত থেকে গরু আসছে না। তিনি বলেন, ‘তিন-চার বছর ধরে লোকসানের মধ্য দিয়ে চলছি।’
গতকাল দুপুর ১২টার দিকে লালবাগ কেল্লার মোড়-সংলগ্ন বেড়িবাঁধের বাঁশপট্টি হাটে আসার পথে ১০-১৫ জন যুবক লাঠিসোঁটা হাতে মেহেরপুর থেকে আসা পশুভর্তি দুটি ট্রাক আটকে দেন। এঁদের মধ্যে দুই যুবক লাফিয়ে উঠে পড়েন ট্রাকের সামনে। গরু ব্যাপারী ও ট্রাকচালকের আপত্তি সত্ত্বেও ওই যুবকদের হুমকি-ধমকির মুখে তাঁরা গরু নামাতে বাধ্য হলেন। উপস্থিত পুলিশ সদস্যরা দাঁড়িয়ে নীরবে এ ঘটনা দেখলেন।
ওই গরু ব্যাপারী ও ট্রাকচালক বলেন, তাঁদের গন্তব্য ছিল পুরান ঢাকার রহমতগঞ্জ হাটে। সেখানে লোকজন তাঁদের জন্য অপেক্ষায় আছেন। কিন্তু তাঁরা উল্টো হুমকি দেন, ‘গরু নামানো না হলে মেরে তাড়িয়ে দেব।’ গতকাল বিকেলে ওই যুবকদের মহড়া দিতে দেখা যায়।
হাটের ইজারাদার মো. সেলিম ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, তাঁদের কাছে এ ধরনের তথ্য নেই। বছিলা ও হাজারীবাগ হাটে এ ধরনের কথা তাঁরা শুনেছেন বলে জানান।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাক থেকে জোর করে পশু নামানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, জোর করে ট্রাক থেকে পশু নামাতে গেলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।