ভাপা পিঠা, ফ্রাইড চিকেন কী নেই!

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাপা-ক্ষীরসা পিঠা থেকে হালের জনপ্রিয় খাবার ফ্রাইড চিকেন-দোসা। আছে দই, ফুচকা, লাচ্ছা, পরোটাও। আর খাওয়া শেষে নানা স্বাদের জুস-বোরহানি তো আছেই। একসঙ্গে খাবারের এত পদ মিলছে এক আঙিনায়।
চট্টগ্রামের ভোজনরসিকদের জন্য এমন সুযোগ করে দিয়েছে খাবারবিষয়ক ফেসবুক গ্রুপ ফুড মনস্টারস। গ্রুপটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার থেকে নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার স্বাধীনতা কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে দুদিনের উৎসব। এতে নানা পদের খাবার নিয়ে অংশ নিয়েছে চট্টগ্রামের ৪০টি রেস্তোরাঁ। প্রথম দিন থেকেই জমে উঠেছে উৎসব।
গতকাল বিকেলে স্বাধীনতা কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ভোজনরসিকদের আনাগোনায় মুখর উৎসব প্রাঙ্গণ। তাঁদের বেশির ভাগই তরুণ-তরুণী। খাবার খেতে খেতে অনেককে দেখা গেছে আড্ডায় পার করছেন সময়। কেউ কেউ ব্যস্ত সেলফি তোলায়।
নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাত বন্ধু এসেছিলেন উৎসবে। চিকেন গ্রিলে মুখ রাখতে রাখতে তাঁদের দুজন ফাতেমা সরওয়ার ও সুস্ময় বড়ুয়া বলেন, ‘প্রতিবারই বন্ধুদের নিয়ে আসি। এবারও ব্যতিক্রম হয়নি। নানা পদের খাবার এক জায়গায় পাওয়া যায় এখানে।’
তবে অন্য রকম অভিজ্ঞতার কথা জানালেন শিক্ষক সাইফুল ইসলাম। ভাতিজা ও ভাইজিকে নিয়ে উৎসবে আসা এই তরুণ বলেন, ‘ফেসবুকে ফুড মনস্টারস গ্রুপের সদস্য তিনি। রকমারি খাবারের পোস্ট দেখেন। এখন উৎসবে খাবারের স্বাদ নিতে এসেছেন।
উৎসবে চট্টগ্রামের বিশেষ খাবারগুলো প্রাধান্য দিয়েও শামিল হয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ। তার মধ্যে তবারক বিরিয়ানি, বারকাত ও খাদক অন্যতম।
উৎসবের ব্যবস্থাপনায় থাকা হুইজ কমিউনিকেশনের পরিচালন কর্মকর্তা (প্রশাসন) কাজী আরফাত বলেন, চট্টগ্রামে এখন অনেক রেস্তোরাঁ হয়েছে। মানুষজনও রেস্তোরাঁতেই খেতে অভ্যস্ত হয়ে উঠেছে। বিভিন্ন রেস্তোরাঁর মালিক আর ভোজনরসিকদের এক জায়গায় নিয়ে আসতে এই আয়োজন।
শুধু খাবারের স্বাদ নেওয়া নয়, উৎসবে ভোজনরসিকদের জন্য ছিল মূকাভিনয়, রম্য বিতর্ক আর গানের আয়োজন। সকালে উৎসব উদ্বোধন করেন চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ। সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান। অতিথি ছিলেন শিশু সংগঠক তৌহিদুল আনোয়ার, স্পিকার্স কাউন্সিলের প্রধান নির্বাহী ইমরান আহমেদ, চট্টগ্রাম জুনিয়র চেম্বার অব কমার্সের সভাপতি মাসফিক আহমেদ। বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, ফুড মনস্টারসের প্রধান অ্যাডমিন বৃষ্টি ইসলাম প্রমুখ।