ভাবনা কেন্দ্রে হামলার প্রতিবাদ, বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার বারুদগোলা মৌজার খিলাছড়া এলাকায় বিদর্শন ভাবনা কেন্দ্র ও পাশের দুটি বাড়িতে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৌদ্ধ সাধকেরা (ভিক্ষু)। তাঁরা এ ঘটনায় বাঙালিদের দায়ী করে উত্তেজিত না হতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বেলা দুইটায় বিদর্শন ভাবনা কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে বৌদ্ধ সাধকেরা এ দাবি জানান।এতে বক্তব্য দেন পার্বত্য ভিক্ষু সংঘের সাংগঠনিক সম্পাদক নন্দীয় মহাস্থবির ও ক্ষতিগ্রস্ত বাসিন্দা বিমল তঞ্চঙ্গ্যা। ঘটনার বর্ণনা দেন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ সুমনানন্দ ভিক্ষু। এ সময় কৌশল্যে ঘোনা মৌজার প্রধান (হেডম্যান) যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা, পার্বত্য ভিক্ষু সংঘের সহসভাপতি ধর্মানন্দ মহাস্থবির, প্রচার সম্পাদক অগ্রজ্যোতি স্থবিরসহ কয়েক শ আদিবাসী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাতে শাহ আলম নামের এক বাঙালি আগরচাষি কাপ্তাই উপজেলার হরিণছড়া এলাকায় বন বিভাগের অনুমতি নিয়ে করা তাঁর নিজস্ব আগর বাগানে খুন হন। এ ঘটনার প্রতিবাদে শনিবার ডাকা হরতাল চলাকালে একদল বাঙালি কিলাছড়া এলাকার বৌদ্ধধর্মাবলম্বীদের বিদর্শন ভাবনা কেন্দ্রে ভাঙচুর চালায় বলে আদিবাসীদের অভিযোগ। বক্তব্যে নন্দীয় মহাস্থবির বলেন, ভাবনা কেন্দ্রে বর্বরোচিত হামলা ছাড়াও বুদ্ধমূর্তি ভাঙচুর এবং পিতলের মূর্তিগুলো লুটে নেওয়া হয়েছে। এতে কমপক্ষে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৌদ্ধ সাধকদের পক্ষ থেকে তিনি শাহ আলম হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। তিনি বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এখন তাঁদের দিকে চেয়ে আছি। যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।’ এ সময় ভাবনা কেন্দ্রের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত বাসিন্দা বিমল তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, তাঁর তিনটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের কোনো কর্মকর্তা দেখতে যাননি। তিনি আরও জানান, তাঁর বাড়ি ও দুই ছেলের বাড়ি ভাঙচুরের পাশাপাশি লুটপাট এবং তিনটি নৌকার তলা কেটে দেওয়া হয়েছে।হেডম্যান যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, তিনি দীর্ঘদিন ধরে নিহত শাহ আলমকে চিনি। তিনি ছিলেন খুবই নিরীহ। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানান।এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেঙেরাছড়ি ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য বাঙালি নেতা মো. মোহর আলী বলেন, ‘বিদর্শন ভাবনা কেন্দ্র ভাঙচুরের ঘটনা শুনেছি।’ বাঙালিদের বিরুদ্ধে আদিবাসীদের অভিযোগ সম্পর্কে বলেন, ‘কে বা কারা করেছে তা জানতে পারিনি। বিস্তারিত না জেনে কাউকে দোষারোপ করা ঠিক নয়।’ শাহ আলম হত্যাকাণ্ডের পর উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে যেতে পারেননি বলে মোহর আলী জানান।এদিকে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী জানান, শাহ আলম হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা আবুল হাশেম বাদী হয়ে মামলা করেছেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। এ পর্যন্ত কাউকে আটকও করা হয়নি।বিদর্শন ভাবনা প্রশিক্ষণ কর্মসূচি বাতিলআগামী বৃহস্পতিবার থেকে ভাবনা কেন্দ্রে ১০ দিনব্যাপী বিদর্শন ভাবনা প্রশিক্ষণের যে কর্মসূচি ছিল, তা বাতিল করা হয়েছে। ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ সুমনানন্দ ভিক্ষু জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাবনা প্রশিক্ষণ বন্ধ থাকবে। পরে এ বিষয়ে জানানো হবে।