ভাবনায় উত্তরাধিকারের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, আমাদের গ্রামের বাড়ি নেই? সবাই ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছে, আমরা যাব না?’ ছোটবেলায় মায়ের কাছে এ ধরনের প্রশ্ন প্রায়ই করতেন ভারতের নামী চলচ্চিত্রনির্মাতা গৌতম ঘোষ। সেই স্মৃতি তিনি নতুন করে স্মরণ করেছেন ১৯৪৭ সালের দেশ বিভাগ নিয়ে পরবর্তী প্রজন্মের ভাবনা নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যটে ইনস্টিটিউটে উত্তরাধিকারসূত্রে পাওয়া স্মৃতি—তৃতীয় প্রজন্মের স্মৃতিতে বঙ্গবিভাগ শিরোনামের এক অনুষ্ঠানে তথ্যচিত্রটি দেখানো হয়।
ভিডিও চিত্রে পূর্বপুরুষের ভিটে ছেড়ে কলকাতায় স্থায়ী হওয়া তাঁর পিতা ও পিতামহের আকুতির কথাও তুলে ধরেন গৌতম ঘোষ। পরে বাংলাদেশে এসে ফরিদপুরে নিজের ভিটেয় গিয়ে কীভাবে ছেলেবেলার স্মৃতির ঝাঁপি খুলেছিলেন গৌতম ঘোষের বাবা, সে কথাও তুলে ধরেন গৌতম ঘোষ।
গ্যটে ইনস্টিটিউট কলকাতা ও ঢাকা, কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স, বাংলাদেশের রিসার্চ ইনিশিয়েটিভস এবং হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নেওয়া নতুন একটি প্রকল্পের বাংলাদেশ অংশের উদ্বোধনী অনুষ্ঠান ছিল কাল। ভারতের কলকাতায় এ প্রকল্পের উদ্বোধন হয় গত মঙ্গলবার। দেশভাগের পর থেকে দুই বাংলার তৃতীয় প্রজন্ম কীভাবে এ বিভাজনকে দেখছে, উত্তরাধিকারসূত্রে কী ধরনের ভাবনা তাদের মধ্যে কাজ করছে, সেটা খুঁজে দেখার প্রয়াস থাকবে এ প্রকল্পে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির ভার্গফ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা ড. আন্দ্রেয়া জেমসকভ জুগে। তিনি বলেন, মানুষ তাঁদের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছ থেকে অতীতের অনেক স্মৃতি ধারণ করেন। সেসব স্মৃতি তাঁরা বয়ে বেড়ান সারা জীবন। এর মধ্যে ইতিবাচক বা নেতিবাচক—দুই ধরনের স্মৃতিই থাকে। অনেক সময় কিছু নেতিবাচক স্মৃতি মানুষের কাছে আতঙ্ক হয়েও ধরা দিতে পারে। আবার স্বজনদের কাছ থেকে পাওয়া অনেক তথ্যকে মানুষ ইতিহাসের চেয়েও গুরুত্বপূর্ণ হিসেবে ধারণ করেন।
বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিনান্দ ফন ভেইয়ে স্বাগত বক্তব্যে বলেন, স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মকে কীভাবে প্রভাবিত করে, সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। জার্মানির বিভাজন নিয়ে উত্তরাধিকারসূত্রে পাওয়া নিজের স্মৃতির কথা তুলে ধরে এ কূটনীতিক বলেন, বাংলাদেশের অনেক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলকাতার সম্প্রচার সাংবাদিক নাজেস আফরোজ, গ্যটে ইনস্টিটিউট ঢাকার পরিচালক ইউডির্থ মিয়েশব্যারগার, গ্যটে ইনস্টিটিউট কলকাতার পরিচালক ফ্রিজো ম্যাকার প্রমুখ।