ভাবনার কেন্দ্রে নির্বাচনকালীন সরকারপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
LOGO
LOGO

নির্বাচনকালীন সরকার কেমন হবে, তার একটি রূপরেখা দাঁড় করাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। একাধিক বিকল্পের কথা ভাবা হচ্ছে। তবে একজন ‘সর্বজন গ্রহণযোগ্য’ ব্যক্তিকে নির্বাচনকালীন সরকারের প্রধান করার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোকে ভিত্তি হিসেবে রাখতে চায় দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার সাংবাদিকদের বলেন, শিগগিরই তাঁদের দল নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা উপস্থাপন করবে।
সূত্র জানায়, সরকারপক্ষের আহ্বান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের সর্বশেষ অবস্থান পরিষ্কার করতে আনুষ্ঠানিকভাবে একটি রূপরেখা প্রস্তাব করবে দলটি। তবে সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা ছাড়া সংসদে কোনো প্রস্তাব দেবে না প্রধান বিরোধী দল।

এ বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের একটি রূপরেখা নিয়ে চিন্তা করা হচ্ছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।

সূত্র জানায়, নির্বাচনকালীন সরকারের রূপরেখার ক্ষেত্রে পঞ্চদশ সংশোধনীর আগের সংবিধানের ৫৮(খ) ধারাকে ভিত্তি হিসেবে ধরছে বিএনপি। সে ধারায় বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান ও কাঠামো ছিল। ২০১১ সালে আদালতের রায়ে এ ব্যবস্থা বাতিল করা হয়। কিন্তু সংক্ষিপ্ত রায়ে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে বলা হয়েছিল। রায়ে বিচারপতিদের ওই সরকারের আওতায় না রাখার জন্য বলা হয়েছে। সেটি বিবেচনায় রেখে বিচারপতিদের বাইরে সবার কাছে গ্রহণযোগ্য একজনকে প্রধান করে একটি ১১ সদস্যের সরকারের কথা বিএনপি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে সদস্য কমবেশিও হতে পারে। বিএনপি মনে করে, এ সরকারের মেয়াদ হবে ৯০ দিন। এ সময় তারা কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না। দৈনন্দিন কাজ চালাবে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘নির্বাচনকালীন সরকারের কাঠামো আছে। বিলুপ্ত হয়ে যাওয়া তত্ত্বাবধায়কই কাঠামো। তবুও বিষয়টি পরিষ্কার করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব দেব।’

এ ধরনের একটি রূপরেখা ইতিমধ্যে বিএনপির সংসদীয় ককাসের এক সেমিনারেও তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়, নির্দলীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কাজ করবেন একজন প্রধান উপদেষ্টা। সরকারের সদস্য সংখ্যা হবে ১৫, মেয়াদ হবে ৯০ দিন। ওই রূপরেখায় বলা হয়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও সংসদের স্পিকারের মধ্য থেকে অথবা ঐকমত্যের ভিত্তিতে পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি বা বিশিষ্ট কোনো নাগরিক বা শিক্ষাবিদকে প্রধান উপদেষ্টা মনোনীত করা যেতে পারে।

এর বাইরে আরেকটি বিকল্প চিন্তা করা হচ্ছে, প্রধান দুই দল মিলে একজন ‘গ্রহণযোগ্য’ ব্যক্তিকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে ঠিক করবে। সংবিধানের বাধ্যবাধকতা ঠিক রাখতে প্রয়োজনে তাঁকে কোনো একটি আসন থেকে উপনির্বাচনে নির্বাচিত করে আনা হবে। একইভাবে অন্য সদস্যদেরও নির্বাচিত করা হবে।

প্রধানমন্ত্রী লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে আওয়ামী লীগ ও বিএনপির সমন্বয়ে যে সরকারের কথা বলেছিলেন, সেটিও চিন্তার বাইরে রাখছে না বিএনপি। সে ক্ষেত্রে শেখ হাসিনার বাইরে প্রধানমন্ত্রী কে হতে পারেন, তা ভাবা হচ্ছে।

দলের একটি সূত্র জানায়, একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান করে সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার করা হলে বিএনপি মেনে নেবে। তবে সরাসরি এ ধরনের কোনো উপস্থাপনের পক্ষে নয় দলটি।

২০১১ সালে আদালতের এক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করা হয়। এরপর সরকার সংবিধান সংশোধন করে ওই ব্যবস্থা বাতিল করে। তখন থেকে বিএনপি ত্রয়োদশ সংশোধনী পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে। একপর্যায়ে ওই অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়ে বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আসে।

বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়। এখনো সরকার দলের নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে বলছেন, অন্তবর্তী সরকার নিয়ে কোনো প্রস্তাব থাকলে সংসদে নিয়ে আসতে।

তবে বিএনপির সূত্র বলছে, কোনো ধরনের সমঝোতা ছাড়া বিএনপি সংসদে কোনো রূপরেখা উপস্থাপন করবে না। সংসদের বাইরে দলের প্রধান খালেদা জিয়া একটি রূপরেখা প্রস্তাব করতে পারেন।

সংসদে কোনো রূপরেখা বা প্রস্তাব বিএনপি তুলবে কি না, জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, রূপরেখা নিয়ে তিনি বিশেষ কিছু জানেন না। তবে তিনি বলেন, সংসদে প্রস্তাব দিয়ে কোনো লাভ নেই। সংসদ আলোচনার জায়গা নয়। সংসদ বিতর্কের জায়গা।

এর আগে গত বছরের আগস্টেও বিএনপির নেতারা বলেছিলেন, তাঁরা একটি রূপরেখা নিয়ে আলোচনা করছেন। দলের স্থায়ী কমিটির সভায়ও এ বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রস্তাব উপস্থাপন করা হয়নি।