ভাবমূর্তি উদ্ধারের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় (বাঁ থেকে) বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ  ছবি প্রথম আলো
মতবিনিময় সভায় (বাঁ থেকে) বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ছবি প্রথম আলো

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, রাজনৈতিক অস্থিরতায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বাংলাদেশ। অনেক ক্রেতা মুখ ফিরিয়ে নিয়েছেন।
ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ ফিরে এসেছে— এই বার্তাটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলে দেশে আবারও বিদেশি বিনিয়োগ আসবে। যেসব ক্রেতা এ দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাঁরাও ফিরে আসবেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ওই বৈঠকে ব্যবসায়ীরা এসব কথা বলেছেন। আর বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই সবকিছু করা হবে। ভবিষ্যতে যে পাঁচটি দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে, বাংলাদেশ তার একটি হবে বলেও মন্তব্য তাঁর।
বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘বহির্বিশ্বে বাংলাদেশের তীব্র ভাবমূর্তি সংকট দেখা দিয়েছে। আমাদের এখন প্রথমে দেশকে তুলে ধরতে হবে। পরে পণ্য বিক্রি করতে হবে। দেশের ভাবমূর্তি বাড়াতে পারলে যেসব ক্রেতা চলে গিয়েছিলেন, তাঁরাও ফিরে আসবেন।’
সৈয়দ মঞ্জুর এলাহী মনে করেন, বিদেশি ক্রেতাদের এ দেশ সম্পর্কে বিশ্বাসযোগ্যতার ঘাটতি দেখা গিয়েছে। দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনায় কাজ করতে দ্রুত একটি টাস্কফোর্স গঠন করতে বাণিজ্যমন্ত্রীকে পরামর্শ দেন তিনি।
এর আগে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরও একই ধরনের কথা বলেন। তিনি এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্দেশে বলেন, ‘আপনারা কাজ শুরু করুন, আমরা যতটা সম্ভব আপনাদের সহায়তা করব।’ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান আশা করেন, ‘যত বাধাবিপত্তিই আসুক এ দেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে যাবে।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান বলেন, ‘সাম্প্রতিক নেতিবাচক প্রচার আমাদের অনেক ক্ষতি করেছে। নিউইয়র্ক টাইমস, সিএনএন, বিবিসি, আল-জাজিরা নেতিবাচক প্রচারণা চালিয়েছে। এটা কাটিয়ে উঠতে হবে। বহির্বিশ্বকে বোঝাতে হবে এ দেশে ব্যবসার পরিবেশ ফিরে এসেছে।’
দেশে ব্যবসাবান্ধব পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়ে সালমান এফ রহমান বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতায় যে ক্ষতি হয়েছে তা স্বল্প মেয়াদে সমাধান করতে হবে। মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ দ্রুত শেষ করা, শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলেন। আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ব্যবসায়ীদের জন্য পিপিপিতে দ্বিতীয় আরেকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পোশাক শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা এবং শিল্পের জন্য কয়লা ও ফার্নেস অয়েলের মতো বিকল্প জ্বালানির ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন তিনি।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না থাকলে দেশে শিল্পকারখানা গড়ে উঠবে না। অভ্যন্তরীণ ভোগকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে লতিফুর রহমান বলেন, অভ্যন্তরীণ ভোগের অবস্থা ভালো থাকলে বৈশ্বিক মন্দাও অর্থনীতিকে টলাতে পারে না। সে কারণেই বিশ্বমন্দা সত্ত্বেও গড়ে ছয় শতাংশের বেশি হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘রাজনৈতিকভাবে মডেল না হতে পারলেও ব্যবসার দিক থেকে বিশ্বে মডেল দেশে পরিণত হয়েছি। বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সামনে এগিয়ে গেছে।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এবারের সভায় স্বল্পোন্নত দেশগুলোর জন্য বেশ সুবিধা দেওয়া হয়েছে। এই সুবিধা কাজে লাগাতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি স্থায়ী পেশাগত সেল থাকা প্রয়োজন।
আরেক সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘মুদ্রানীতিতে বেসরকারি খাতের জন্য ঋণ বিতরণের প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর আমরা ঋণ ব্যবহার করতে পেরেছি মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। এখন অবস্থা স্থিতিশীল হয়েছে। আমরা আবারও বিনিয়োগে যেতে পারব আশা করছি।’ এ কে আজাদ আরও বলেন, এ দেশে ব্যবসা করার ব্যয় অনেক বেশি। এর বড় কারণ ব্যাংক ঋণের সুদহারও অনেক বেশি। এত বেশি সুদ দিয়ে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে পেরে ওঠা যাচ্ছে না। সরকারি ব্যাংকগুলোর ঋণ জালিয়াতির কারণে বেসরকারি ব্যাংকগুলো সুদের হার কমাতে পারছে না।
নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। এ জন্য তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর পরামর্শ দেন। তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারি থেকে এ বছরের ১২ জানুয়ারি পর্যন্ত পোশাক রপ্তানিকারকদের নয় হাজার কোটি টাকার পোশাক বিমানে পাঠাতে হয়েছে। আর ছাড়ে (ডিসকাউন্টে) পণ্য পাঠাতে হয়েছে পাঁচ হাজার কোটি টাকার। তিনি বলেন, ‘আমরা যদি মনে করি, এ দেশ থেকে পোশাক খাত অন্য কোনো দেশে চলে যাবে না, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি। আর একবার যদি এ দেশ থেকে পোশাক খাত চলে যায় তাহলে ২৫ বছরেও তা অর্জন করা যাবে না।’
বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বিনিয়োগের জন্য বিনিয়োগ বোর্ডের অনুমতি পাওয়ার পর গ্যাস-বিদ্যুৎ সংযোগের অনুমতি পাই না। গ্যাস-বিদ্যুতের অনুমতি যদি না দেন, দয়া করে বিনিয়োগের অনুমতি দিয়েন না। কারণ বিনিয়োগের আশায় অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে সরঞ্জামও নিয়ে এসেছেন।’
বস্ত্রকল-মালিকদের সমিতি বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন বলেন, দেশের বস্ত্র খাতকে এগিয়ে নিতে সুতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামের নতুন শিল্পকারখানায় গ্যাস-সংযোগ দেওয়ার দাবি জানিয়ে বলেন, গ্যাস -সংযোগ ছাড়া বিনিয়োগ হবে কী করে?
ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ব্যবসা করে যে মুনাফা করা যায়, তা আমরা দেখিয়েছি।’
পোশাক খাতের জন্য উৎসে কর কমানো হচ্ছে—এমন প্রসঙ্গ তুলে এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন বলেন, রপ্তানিমুখী সব শিল্পকেই একই সুবিধা দেওয়া উচিত।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্য: বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমি রাজনীতি টানব না। আপনারা কে কোন মতাদর্শের দেখব না। সবাইকেই সাহায্য করব।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে। এ ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। বিগত কয়েক মাসে দেশের ব্যবসা-বাণিজ্যের বেশ ক্ষতি হয়েছে। সবাই মিলে কাজ করে এ ক্ষতি কাটিয়ে উঠতে হবে। ব্যবসায়ীদের কয়েকজনকে নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। প্রতি মাসে এ কমিটির সঙ্গে তিনি একবার আলোচনায় বসবেন।
পাকিস্তানকে অকার্যকর রাষ্ট্র বলে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, ‘ভারতে গিয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তাঁর দেশে গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। সে দেশের রপ্তানিও এখন অনেক কমে গেছে। কিন্তু গত কিছু দিনে দেশে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তা বাংলাদেশকে অকার্যকর দেশে পরিণত করতেই করা হয়েছে।’