
‘আমি মাটির মানুষ মাটি নিয়া সারা দিন কাটাই/মাটির সঙ্গে কোলাকুলি মাটি দিয়া সোনার ধান ফলাই।’ এই গানটি দিয়ে শুরু হয় রমেশ শীলের জন্মোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান, গাইলেন রমেশ শীলের উত্তরসূরি চন্দ্রিকা শীল। স্বদেশ চেতনার সঙ্গে আধ্যাত্মচেতনার অপূর্ব মিলনের এই গানটি আসর তৈরি করে দেয়। এরপর সৈয়দ নাসির উদ্দিন কাওয়ালের কণ্ঠে রমেশ শীলের মরমি গান উন্মাতাল করে দর্শকদের। শেষে মাইজভান্ডার দরবারের আদলে সেমা মাহফিল রমেশ ভক্তদের আকুল করেছে। ভান্ডারি গানের তালে তালে নাচলেন দর্শকেরা, ভেসে গেলেন ভাব-সংগীতের সুরধারায়।
৯ মে রমেশ ভান্ডার পরিচালনা কমিটির উদ্যোগে কবিয়াল সম্রাট রমেশ শীলের ১৩৭ তম আবির্ভাব দিবসে জমজমাট ‘রমেশ জন্মোৎসব’ হয়ে গেল। বোয়ালখালীর গোমদণ্ডীর রমেশ সমাধি প্রাঙ্গণে শান্তিময় শীলের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কিতাপচর দরবার শরিফের পীর সৈয়দ নজরুল শাহ মাইজভান্ডারি ও গোমদণ্ডী আহমদিয়া দরবারের শাহজাদা সৈয়দ আহমদুল হক। আলোচক ছিলেন কবি আবদেল মান্নান, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, বাঁশখালী কলেজের অধ্যাপক কানাই দাশ ও পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির। শ্রদ্ধা জ্ঞাপন করেন রমেশ শীল তনয় পুলিন শীল।
বক্তারা বলেন, রমেশ শীল কবিগানে নবযুগ এনেছিলেন। তাঁর গানে রয়েছে স্বাধিকারের চেতনা। রমেশ শীল চট্টগ্রামের আঞ্চলিক গানকে নবজীবন দান করেছেন। তিনি মাইজভান্ডারি গানকে সাধনমার্গ থেকে লোকসংগীতে রূপান্তর ও আমজনতার গানে পরিণত করেছেন। রমেশের লোকধর্মের শিক্ষায় আলোকিত হয়েছে চট্টগ্রাম তথা সারা বাংলার মানুষ।
সকাল ১০টায় রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে উৎসব শুরু হয়। সাংবাদিক তাজুল ইসলামের পরিচালায় ও সিরাজ ভান্ডারির নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন শিল্পীরা।