ভাবিকে কুপিয়ে জখম করার অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডাংশের ঘাট গ্রামে পারিবারিক কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে মিনু রানীকে (৪০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর দেবর অপু চন্দ্র সরকার এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় মিনুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী মঞ্জু রানী (৩৬) জানান, সকালে অপু তাঁর ভাবির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মিনু রানীর মাথায় হাঁসুয়া দিয়ে কোপ দেন। প্রতিবেশী লোকজন রক্তাক্ত অবস্থায় মিনু রানীকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসক এনামুল হক জানান, মিনু রানীর মাথায় ২৫টি সেলাই দেওয়া হয়েছে। এখানে অবস্থার অবনতি হলে মিনুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিনুর স্বামী দীপু চন্দ্র সরকার জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। বহু দিন থেকে অপুর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরেই সে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।