চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে তিন বোন একসঙ্গে বিষপান করে। গত বুধবার তাদের মধ্যে একজন মারা যায়। ভাবির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা বিষপান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কবির আহমদ জানান, গ্রামের মৃত টুনু মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার (১৬), শারমিন আক্তার (১৪) ও তানজু আকতার (১২) মঙ্গলবার দিবাগত রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুধবার বেলা ১১টায় তানজু আকতার সেখানে মারা যায়।
রাঙ্গুনিয়া থানার ওসি এম মনজুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, তিন বোন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে থাকত। তাদের বড় ভাই বিদেশে থাকেন। ভাবি তিন বোনের ওপর প্রায়ই অত্যাচার চালাতেন। এতে অতিষ্ঠ হয়ে তারা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।