সেতুতে যানবাহনের ভার বহনের ক্ষমতা ২০ টন। কিন্তু সেতুতে ছিল ৭০ টন ভারী যান। ভার বহনের ক্ষমতার তিন গুণেরও বেশি ভারী যান সেতুর ওপর ওঠায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকার সেতু ভেঙে পড়ে।কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথরবোঝাই সিলেটমুখী ছয়টি ট্রাক, একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত একটি অটোরিকশা শুক্রবার রাত সোয়া নয়টার দিকে সেতু পাড়ি দিতে গেলে ভেঙে পড়ে একসঙ্গে নদীতে পড়ে যায়। গতকাল শনিবার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একদল পরিদর্শক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সেতু ভাঙার কারণ ভার বহন ক্ষমতার বেশি যান চলাচল বলে নিশ্চিত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সওজের পরিদর্শক দল জানায়, বর্ণি এলাকার ওই সেতুর মুখে সিলেট অংশের সড়কে একটি গর্ত ছিল। এ কারণে সেতুর উভয় দিকে যানবাহন থেমে থেমে সেতু পাড়ি দিচ্ছিল। একদিকের যানগুলো একসঙ্গে সেতু পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম ভার বহনের চেয়ে বেশি ভারী যান চলাচল করাই দুর্ঘটনার প্রধান কারণ জানিয়ে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘২০ টন ধারণক্ষমতার এ সেতু দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক ও গাড়ি চলাচল করে। একসঙ্গে চলতে গিয়ে সেতুটি ভেঙে পড়ে।’যোগাযোগ বিচ্ছিন্ন: দুর্ঘটনার পর থেকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে সরাসরি যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে। সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী যানবাহনগুলো বর্ণি এলাকায় ওই সেতুর এপার পর্যন্ত গিয়ে থামছে। যাত্রীরা নৌকা দিয়ে নদী পার হয়ে ওপারে থাকা যান দিয়ে চলাচল করছেন। ভোলাগঞ্জ পাথর কোয়ারির ট্রাক দুর্ঘটনার পর থেকে চলাচল বন্ধ রয়েছে। দমকল বাহিনীর ডুবুরি দল মধ্যরাত পর্যন্ত উদ্ধারতৎপরতা চালিয়ে আবদুল হক (৪৫) নামে একজন পাথর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে এবং ১১ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। ছয়টি ট্রাকের চালক ও সহকারী চালকের খোঁজ গতকাল সকালে পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চেয়ে মহাসড়ক অবরোধ: কোম্পানীগঞ্জের বর্ণিতে সেতু ভেঙে ছয়জন ট্রাকচালকের মধ্যে মো. মনির মিয়া (৩৫) নামের একজনের খোঁজ মিলছে না। মনিরের বাড়ি জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরখান গ্রামে। একজন নিখোঁজ থাকার পর ঘটনাস্থল থেকে উদ্ধারতৎপরতা গুটিয়ে নেওয়ায় গতকাল বেলা দুইটায় এলাকাবাসীসহ মনিরের সহকর্মী ট্রাকচালকেরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।অবরোধস্থলের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়লে বিকেল সাড়ে চারটায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান ও সিলেটের সহকারী পুলিশ সুপার (উত্তর) বীণা রানী দাস ঘটনাস্থলে যান। তাঁরা উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বিক্ষুব্ধদের শান্ত করে দুর্ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধানে উদ্ধারতৎপরতা অব্যাহত রাখা হবে বলে আশ্বস্ত করলে বিকেল পাঁচটায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।